আইএমডিবির শীর্ষে মাইকেল জ্যাকসনের বায়োপিক ও দ্য বয়েজ সিরিজ
আইএমডিবির শীর্ষে মাইকেল ও দ্য বয়েজ সিরিজ

বিশ্বজুড়ে সিনেমা ও সিরিজপ্রেমীরা তাঁদের পছন্দের চলচ্চিত্র ও ধারাবাহিক সম্পর্কে জানতে আইএমডিবি ব্যবহার করেন। সিনেমার তথ্যভান্ডারের এই জনপ্রিয় প্ল্যাটফর্ম প্রতি সপ্তাহেই জনপ্রিয়তার তালিকা পরিবর্তন করে। বর্তমান সপ্তাহে শীর্ষে থাকা কয়েকটি সিনেমা ও সিরিজ দর্শকের রুচি, ট্রেন্ড ও গল্প বলার ধরন সম্পর্কে নতুন ইঙ্গিত দিচ্ছে। মাস শেষে এই পাঁচটি সিনেমা ও সিরিজ দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

১. ‘মাইকেল’

তালিকার শীর্ষে রয়েছে ‘মাইকেল’ সিনেমাটি। এটি মূলত পপ তারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক। এই আলোচিত সিনেমায় সংগীত ও ব্যক্তিজীবনের নাটকীয়তা একসঙ্গে মিশেছে। দর্শকদের মধ্যে আগ্রহের প্রধান কারণ হলো, কিংবদন্তি মাইকেল জ্যাকসনের ব্যক্তিত্বের অজানা দিক ও সংগীত ক্যারিয়ারের গল্প এতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বক্স অফিসে আলোচিত সিনেমাটির আইএমডিবি রেটিং ৭.৭। সিনেমাটি নিয়ে আলোচনা যেমন হচ্ছে, তেমনি মতবিভেদও রয়েছে। আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া সিনেমাটি দেশের স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে।

২. ‘অ্যাপেক্স’

অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। দ্রুতগতি, বেঁচে থাকার লড়াই এবং প্রযুক্তিনির্ভর গল্প—সব মিলিয়ে এটি তরুণ দর্শকদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে। যদিও সমালোচকদের প্রতিক্রিয়া মিশ্র, তবুও বিনোদনমূলক বিষয়বস্তু এটিকে আলোচনায় রেখেছে। সারভাইভাল এই থ্রিলারের আইএমডিবি রেটিং ৬.২। একজন পর্বতারোহীর ভয়ংকর এক সিদ্ধান্ত নিয়েই এটি এগিয়ে যাবে। পুরো সময় সিনেমাটি দর্শকদের আটকে রাখবে। এটি ২৪ এপ্রিল নেটফ্লিক্সে প্রকাশ পেয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. ‘দ্য বয়েজ’

দুর্নীতিগ্রস্ত সুপারহিরোদের বিরুদ্ধে লড়াইয়ের গল্প নিয়ে এই আলোচিত সিরিজটি দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষ ৩ নম্বরে রয়েছে। সুপারহিরো ঘিরে সিরিজটির একেবারে ভিন্নধর্মী উপস্থাপনা দর্শক পছন্দ করেছেন। যে কারণে এটি দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। সহিংসতা, রাজনৈতিক ব্যঙ্গ ও বাস্তবতার ছোঁয়া—সব মিলিয়ে এটি মাসের শেষে এখনো ট্রেন্ডিংয়ে রয়েছে। ৮ এপ্রিল প্রকাশ পাওয়া নতুন সিজনের আপডেট ঘিরেই মূলত দর্শকের আগ্রহ আরও বাড়ছে। তবে এটাই শেষ সিজন। এটি প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে।

৪. ‘ইনভিনসিবল’

অ্যানিমেটেড হলেও প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য নির্মিত সিরিজটি তার ডার্ক টোন ও আবেগঘন গল্পের কারণে বিশেষভাবে আলোচিত। সুপারহিরো গল্পের নতুন দৃষ্টিভঙ্গি এটিকে আলাদা করে তুলেছে। ১৭ বছর বয়সী মার্ক গ্রেসন যখন সুপারপাওয়ার উত্তরাধিকারসূত্রে পায়, তখন সে হয়ে ওঠে সুপারহিরো। ৮.৭ রেটিং নিয়ে ‘ইনভিনসিবল’ সিরিজটি দর্শকদের পছন্দের তালিকায় ৪ নম্বরে রয়েছে। প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে। এটি ১৮ মার্চ মুক্তি পেয়েছে।

৫. ‘বিফ’

মানবিক সম্পর্ক, রাগ, প্রতিশোধ ও মানসিক চাপ—এই সবকিছু নিয়ে নির্মিত ডার্ক কমেডি-ড্রামা ‘বিফ’ এখনো দর্শকের মনে দাগ কাটছে। চরিত্রের গভীরতা ও বাস্তবধর্মী উপস্থাপনার কারণে এটি সমালোচকদের কাছেও প্রশংসিত। সিরিজের আইএমডিবি রেটিং ৮। এর গল্পে দেখা যাবে, ছোটখাটো দ্বন্দ্ব ধীরে ধীরে ভয়ংকর বিরোধে রূপ নেয়, যা মানুষের অহংকার, ক্ষোভ ও লুকিয়ে থাকা যন্ত্রণাকে উন্মোচিত করে। ১৬ এপ্রিল এটি নেটফ্লিক্সে মুক্তি পায়।