পথের প্যাঁচাল পোস্টার প্রকাশ, অটোরিকশাচালক ও লেখিকার গল্প
পথের প্যাঁচাল পোস্টার প্রকাশ, অটোরিকশাচালক ও লেখিকার গল্প

জীবনের পথে অনিশ্চয়তা আর অপ্রত্যাশিত মুহূর্তের গল্প নিয়ে আসছে ‘পথের প্যাঁচাল’। চরকির নতুন ফ্ল্যাশ ফিকশনটির পোস্টার সম্প্রতি প্রকাশিত হয়েছে। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই কাজটি আগামী ৬ মে রাত ১২টায় চরকিতে মুক্তি পাবে।

গল্পের প্রেক্ষাপট

গল্পের কেন্দ্রে রয়েছেন অটোরিকশাচালক বায়েজিদ, যার চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তার দৈনন্দিন সংগ্রামের জীবনে হঠাৎ জড়িয়ে পড়েন নবীন ঔপন্যাসিক ঊমা (বহ্নি হাসান), যিনি নিজের প্রথম বই প্রকাশের চেষ্টায় ব্যস্ত। ভিন্ন সামাজিক অবস্থানের এই দুই চরিত্রের মধ্যে তৈরি হয় এক অদৃশ্য মানবিক সংযোগ, যা গল্পের মূল উপজীব্য।

পরিচালকের বক্তব্য

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘জীবন মানেই এক দীর্ঘ পথ, আর সেই পথে তৈরি হয় অসংখ্য গল্প। এই ফিকশনে কিছু বিষয় অন্যভাবে দেখার চেষ্টা করেছি। এখানে দুই শ্রেণির দুই মানুষের গল্প আছে। শ্রেণি ও অনুভূতির বয়ান মিলিয়ে এক মানবিক সম্পর্ক তুলে ধরা হয়েছে। কেউ এটিকে অসম ভাবতে পারেন, তবে আমি একে সহজ-সরল মানবিক সম্পর্ক হিসেবেই দেখেছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিনেতাদের প্রতিক্রিয়া

ইয়াশ রোহান বলেন, ‘এটা আসলে ট্যালেন্টের গল্প। ট্যালেন্ট কোথায়, কীভাবে প্রকাশ পাবে, কেউ জানে না। এই গল্পেও তেমনই এক অপ্রত্যাশিত জায়গায় সেই প্রতিভার দেখা মেলে।’ অটোরিকশাচালকের চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা ভিন্ন রকম অভিজ্ঞতা। আজ থাক, পরে কখনো বলব।’

বহ্নি হাসান বলেন, ‘ঊমা একজন স্বাবলম্বী ও দৃঢ়চেতা নারী। তার জীবনে নানা ধরনের মানুষের সঙ্গে সংঘাত আছে। কিন্তু বায়েজিদের সঙ্গে তার সম্পর্কটা অন্য রকম—একটা মানবিক সংযোগ তৈরি হয়। এটা ঠিক প্রেম নয়, আবার প্রেমের বাইরেও নয়।’

নির্মাণ ও কলাকুশলী

শিপ্রা দেবনাথের গল্পে ‘পথের প্যাঁচাল’-এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গিয়াস উদ্দিন সেলিম। আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত এই ফ্ল্যাশ ফিকশনটিতে আরও অভিনয় করছেন মনির খান শিমুল, অশোক বেপারী, প্রণব ঘোষ ও সানজিদা স্নিগ্ধা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নাম শুনে অনেকের মনে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র কথা আসতে পারে। তবে নির্মাতা জানিয়েছেন, ‘শব্দের মিল থাকলেও গল্প বা ভাবনায় এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের গল্প।’