আজ সন্ধ্যায় মুক্তি পেয়েছে ঈদের সিনেমা ‘রকস্টার’-এর চতুর্থ গান ‘বেশ কিছুদিন’। সন্ধ্যা সাতটার দিকে এসভিএফ মিউজিক, চরকি ও বিলিং মিউজিকের অফিশিয়াল চ্যানেলে গানটি প্রকাশিত হয়। ‘বেশ কিছুদিন’ গান প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘রাতের আকাশে জমে থাকে সব না বলা কথারা।’
গানের বিবরণ ও শিল্পী
গানটি লিখেছেন ও গেয়েছেন আহমেদ হাসান সানি, সংগীত পরিচালনা করেছেন জাহিদ নীরব। সিনেমার প্রথম গান ‘পিরিতি’ ছিল আধ্যাত্মিক মেজাজের, দ্বিতীয় গান ‘আমাকে উড়িয়ে দাও’-তে দেখা গিয়েছিল এক সংগ্রামী শিল্পীর গল্প। পরের গান ‘আমি যাব হারিয়ে’ ছিল পুরোপুরি রোমান্টিক। তবে আজ মুক্তি পাওয়া ‘বেশ কিছুদিন’-এ দেখা গেল ভিন্ন শাকিবকে।
গানের দৃশ্য ও ভাবনা
বিশাল এক কনসার্টে পিয়ানো বাজিয়ে গান করছেন তিনি, কিন্তু চোখে ও মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। বোঝা যাচ্ছে, গভীর এক কষ্ট লুকিয়ে গান করছেন শাকিব। গানের কথায় ফুটে উঠেছে— ‘বেশ কিছুদিন আমাতে তোমার মন লাগে না তাই/ বেশ কিছুদিনে সবের মাঝে কোনো কিছু নাই/ বেশ কিছুদিন আমাকে তুমি ভাবছ না তাই আর/ বেশ কিছুদিন বৃথাই কাটছে রাতগুলো আমার/ এই দুঃখ লিখে রাখা এই কষ্টে একা থাকা’।
দর্শকের প্রতিক্রিয়া
আগের তিনটি গানের মতো এ গানটিও মুক্তির পর ভক্তরা পছন্দ করছেন। চরকির ইউটিউব চ্যানেলে এক দর্শক লিখেছেন, ‘হলে গানটা শুনেই ভালো লাগে, তার পর থেকেই অপেক্ষায় ছিলাম।’ আরেকজন লিখেছেন, ‘গান পারফরম্যান্স দারুণ’, সঙ্গে আগুনের ইমোজি দিয়েছেন।
সিনেমার গল্প ও কলাকুশলী
সিনেমায় শাকিব খানকে দেখা গেছে এক সংগীতশিল্পীর চরিত্রে। আজমান রুশোর গল্পে নির্মিত ছবিতে একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান-পতন ও বাস্তব অভিজ্ঞতার নানা দিক তুলে ধরা হয়েছে। আজমান রুশো জানান, নির্মাণে আসার আগে তিনি নিজেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের জীবন ও বাস্তব জীবনের রকস্টারদের নানা অভিজ্ঞতার মিশেলে তিনি এই গল্প তৈরি করেছেন। সিনেমাটিতে শাকিবের সঙ্গে আরও আছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা ও সুনিধি নায়েক।
সিনেমার অন্যান্য তথ্য
সিনেমাটির বেশির ভাগ গানের কথা লিখেছেন ও সুর করেছেন আহমেদ হাসান সানি। গানগুলোয় কণ্ঠও দিয়েছেন তিনি। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নীরব। অঞ্জন চৌধুরী নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি, সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া। সিনেমাটির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার চরকি। এর সব গান মুক্তি পাচ্ছে এসভিএফ মিউজিক, চরকি ও বিলিং মিউজিকের অফিশিয়াল চ্যানেলে।



