নতুন ছবি রক্সটার: মিশ্র প্রতিক্রিয়া, নির্মাতার ব্যাখ্যা
নতুন ছবি রক্সটার: মিশ্র প্রতিক্রিয়া, নির্মাতার ব্যাখ্যা

চলচ্চিত্র মুক্তির আগে খুব একটা প্রচারণায় দেখা যায় না শাকিব খানকে। ১০৩টি সিনেমা হলে রিলিজ হল ঢালিউডের এ হিরোর নতুন ছবি ‘রক্সটার’। স্টার সিনেপ্লেক্সে সাংবাদিকদের মুখোমুখি হলেন নির্মাতা আজমান রুশো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনিও নিজের অসহায়ত্ব প্রকাশ করলেন হেসে। বললেন, “ভাইয়া তো সিনেমা রিলিজের আগে গায়েব থাকেন। উনি ফোন-টোন বন্ধ করে মনে হয় ঘুমাচ্ছেন। আমার সাথেও কথা হচ্ছে না।”

ঈদের দিন সিনেমাটি মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহগুলোতে মিলছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনের দর্শকদের একাংশের মধ্যে সিনেমাটি নিয়ে বেশ নেতিবাচক মন্তব্য দেখা গেছে। অনেক দর্শকেরই অভিযোগ, প্রথমাগত ধারার মারামারি, আইটেম গান বা অ্যাকশন না থাকায় তারা সিনেমার গল্পের সঙ্গে কানেক্ট করতে পারছেন না। এমনকি স্টার সিনেপ্লেক্সেও কোনো কোনো পরিবার সিনেমা শুরুর ১৫ মিনিটের মাথায় হল থেকে বের হয়ে গেছেন বলে সাংবাদিকরা জানান। দর্শকদের অভিযোগ, সিনেমার ভাষাগত কিছু বিষয় এবং পারিবারিক সম্পর্কের উপস্থাপন সাধারণ পারিবারিক দর্শকদের জন্য উপযুক্ত নয়।

দর্শকদের এমন বিরূপ প্রতিক্রিয়ার জবাবে পরিচালক আজমান রুশো বলেন, “ভালো লাগার ব্যাপারটা পুরোটাই আপেক্ষিক। আমরা এতদিন পর্যন্ত যেভাবে শাকিব খানকে দেখে আসছি বা উনার কোর অডিয়েন্সের যেই এক্সপেক্টেশন— আইটেম গান বা অ্যাকশন থাকবে, আমাদের সিনেমাটা আসলে ওরকম না। আমাদের সিনেমাটার মধ্যে ওই এলিমেন্টগুলি নাই।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও যোগ করেন, “নতুন একটা জিনিস মানুষের এক্সেপ্ট করতে একটু টাইম লাগবে। জাস্ট একটা বা দুইটা শোর ওপর ভিত্তি করে কোনো কিছু জাজ করাটা টু আরলি (খুব দ্রুত) হয়ে যায়। আমরা আসলে প্রচলিত বাণিজ্যিক ধারার বাইরে গিয়ে সামগ্রিক ভিশন, ভিজ্যুয়াল ও গল্প বলার ভঙ্গিটা একটু পরিবর্তন করার চেষ্টা করেছি। হলিউড বা বলিউডের মতো আমাদের ইন্ডাস্ট্রিতেও যেন ভিন্ন ভিন্ন জনরার সিনেমা তৈরি হতে পারে, সেই উদ্দেশ্য এবং ঝুঁকি নিয়েই এই সিনেমাটি বানানো।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিনেমাটির গান এবং শাকিব খানের সঙ্গে গায়কের কণ্ঠের অমিল নিয়ে ওঠা সমালোচনার জবাবে রুশো বলেন, “আমরা বারবারই বলছি যে আমরা চেনা ধারা থেকে বের হয়ে আসতে চেয়েছি। সানির গলায় গান আছে ৪-৫টা, তবে এছাড়া এখানে পান্ত কানাই, অঙ্গন ও মল্লিকার গানও রয়েছে। আমি সোশ্যাল মিডিয়ায় ৯৫ শতাংশ পজিটিভ রেসপন্স দেখেছি, হয়তো ৫ শতাংশ মানুষের এটা ভালো লাগেনি। আমি সবাইকে অনুরোধ করবো সমালোচনা করার আগে নিজেরা একবার হলে গিয়ে পুরো সিনেমাটি দেখুন।”

পারিবারিক দর্শকদের হল থেকে বের হয়ে যাওয়ার প্রসঙ্গে নির্মাতা বলেন, “রক্সটারদের জীবন আসলে সাধারণ মানুষের মতো স্মুথ হয় না। তাদের জীবন ট্রমা ও নানা চড়াই-উতরাইয়ে ভরা থাকে। আমরা সেই রিয়েল লাইফ ট্রমা ও ডার্ক ট্রুথ (কঠিন সত্য) দেখানোর চেষ্টা করেছি। সিনেমাটিতে ফ্যামিলির গল্প থাকলেও জীবনের এই কঠিন বাস্তবতার কারণে হয়তো সবার ভালো নাও লাগতে পারে। তবে এই ভিন্নধর্মী প্রচেষ্টা যদি দর্শকরা একবার গ্রহণ করে, তবে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এক নতুন দুয়ার খুলে যাবে।”