অনন্যা পান্ডের ভরতনাট্যম ফিউশন নিয়ে বিতর্ক, বাবার ব্যাখ্যা
অনন্যা পান্ডের ভরতনাট্যম ফিউশন নিয়ে বিতর্ক, বাবার ব্যাখ্যা

সম্প্রতি মুক্তি পেয়েছে অনন্যা পান্ডে ও লক্ষ্যের ছবি ‘চাঁদ মেরা দিল’। ছবিতে অনন্যার একটি নাচের দৃশ্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মঞ্চে তিনি ভরতনাট্যম নেচেছেন, যা ফিউশন শৈলীতে পরিবেশিত হয়েছে।

নাচের দৃশ্যে বিতর্ক

অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, তিনি ভরতনাট্যমের পোশাক পরে মঞ্চে নাচছেন। কোরিওগ্রাফার আধুনিক নাচের সঙ্গে ভরতনাট্যমের মেলবন্ধন ঘটিয়েছেন, যাকে ‘ফিউশন’ বলা হয়। তবে এই নাচ নিয়ে অনন্যা কটাক্ষের শিকার হচ্ছেন।

কেউ কেউ বলছেন, ‘ভরতনাট্যম নাচকে অসম্মান করেছেন অনন্যা।’ আরেকজন লিখেছেন, ‘এসব কী হচ্ছে! এ কেমন নৃত্য পরিচালনা! অনন্যা পান্ডে এত প্রাচীন এক নৃত্যশৈলীর এ কী অবস্থা করেছেন!’ কেউ আবারও আরও এক ধাপ এগিয়ে বলেছেন, অনন্যার স্টেপ ছিল রোবোটের মতো।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের পক্ষ থেকে ব্যাখ্যা

তবে এই বিতর্কে এখনো মুখ খোলেননি অনন্যা বা ছবির নির্মাতারা। ছবিটি মুক্তি পেয়েছে ২২ মে। তবে মুখ খুলেছেন অনন্যার বাবা চাঙ্কি পান্ডে। তিনি বলেন, ‘আমার মনে হয়, মানুষ বিষয়টিকে পুরোপুরি ভুল বুঝেছেন। এটা কখনোই খাঁটি ভারতনাট্যম পরিবেশনা করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি। এটা ছিল একটি ফিউশন পারফরম্যান্স, ঠিক সেই ধরনের পরীক্ষামূলক নাচ, যা প্রায়ই কলেজের ছাত্রছাত্রীদের সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন করতে দেখা যায়। মানুষ এটাকে প্রথাগত ভারতনাট্যম বলে ধরে নিয়েছিল এবং সেই দৃষ্টিকোণ থেকেই এর বিচার করতে শুরু করেছিল।’

তিনি আরও বলেন, ‘কিন্তু বিশুদ্ধ ভারতনাট্যমের জন্য বছরের পর বছর কঠোর প্রশিক্ষণ, প্রায় ২০ বছরের শৃঙ্খলার প্রয়োজন। এটা ঐতিহ্যবাহী নৃত্যের উপাদানের সঙ্গে ভবিষ্যন্মুখী, উন্নত নৃত্যশৈলীর একটি সংমিশ্রণ। এটা একটা সৃজনশীল মিশ্রণ, কোনো শাস্ত্রীয় নৃত্য পরিবেশনা নয়। আমি দর্শকদের অনুরোধ করব, প্রতিক্রিয়া জানানোর আগে ছবিটি দেখে এর পরিপ্রেক্ষিতটি বুঝুন।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ছবি সম্পর্কে

‘চাঁদ মেরা দিল’ ছবিতে অনন্যা চারু শঙ্কর অভিনীত ভরতনাট্যম নৃত্যশিল্পীর মেয়ে চাঁদনীর চরিত্রে অভিনয় করেছেন। বিবেক সোনি পরিচালিত এবং ধর্মা প্রোডাকশনস প্রযোজিত ছবিটি একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পটভূমিতে নির্মিত। মুক্তির পর প্রথম পাঁচ দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ২০ কোটি রুপি।