অত্যন্ত প্রতীক্ষিত চলচ্চিত্র 'দ্য ইউনিভার্সিটি অব চাঙ্খারপুল'-এর অফিসিয়াল ট্রেলার প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, হল সংস্কৃতি, 'বড় ভাই' শ্রেণিবিন্যাস এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে নির্মিত এই তীক্ষ্ণ ব্যঙ্গধর্মী ছবিটি ইতোমধ্যে তরুণ দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
প্রথম পূর্ণদৈর্ঘ্য ছাত্র রাজনীতি স্যাটায়ার
নির্বাহী প্রযোজক ও পরিবেশক হাফিজউদ্দিন মুন্না বলেন, 'এটি দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছাত্র রাজনীতি স্যাটায়ার চলচ্চিত্র, যেখানে বিশ্ববিদ্যালয় জীবনের অকথিত কঠোর বাস্তবতা, রাজনৈতিক আনুগত্য, জেস্ট্রুম সংস্কৃতি এবং ক্ষমতার রাজনীতি সাহসিকতার সাথে উপস্থাপন করা হয়েছে।'
ছবিটির কেন্দ্রীয় চরিত্র দ্বিতীয় বর্ষের কিছু বিশ্ববিদ্যালয় বন্ধু, যারা ক্যাম্পাসের রাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব এবং ব্যক্তিগত স্বপ্নের সংঘাতে জড়িয়ে পড়ে। হাস্যরস, ব্যঙ্গ ও বাস্তবতার মিশেলে গল্পটি তরুণ প্রজন্মের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
নির্মাতা ও পুরস্কার
আকাশ হক (মনিরুল হক আকাশ) পরিচালিত ১৩৪ মিনিটের এই ছবিটি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে প্রশংসা কুড়িয়েছে। ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ডিআইএফএফ) বাংলাদেশ প্যানোরামা বিভাগে ফিপরেস্কি পুরস্কার, হীরালাল সেন পুরস্কার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের 'আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২'-এ শ্রেষ্ঠ চিত্রনাট্য পুরস্কার অর্জন করে।
বিশ্ব প্রিমিয়ার ডিআইএফএফ-এর সময় জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হয়, যেখানে দর্শকের উপচে পড়া ভিড়ের কারণে করিডোর থেকেও অনেকে ছবিটি দেখেছেন। ছবিটির থিম সং 'সহমত ভাই' সামাজিক মাধ্যমে ক্যাম্পাস সংস্কৃতির প্রতীকী সঙ্গীত হিসেবে ভাইরাল হয়েছে।
অভিনয়শিল্পী ও বিশেষ উপস্থিতি
ছবিতে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, বাবি বিশ্বাস, আবু সাঈদ, চয়ন, জীবন, সোহান, ইফাদ-সহ নতুন মুখের একটি দল। বিশেষ ভূমিকায় রয়েছেন লেখক ও কবি আনোয়ারুজ্জামান আজাদ।
পরিচালক আকাশ হক বলেন, 'এই ছবিটি শুধু বিনোদন নয়, এটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় রাজনীতি ও যুব সমাজের বাস্তবতা পুনর্বিবেচনার একটি সাহসী চলচ্চিত্র প্রচেষ্টা। এটি আমাদের উচ্চশিক্ষার অব্যবস্থাপনা ও অসঙ্গতিও প্রতিফলিত করে।'
মুক্তির পরিকল্পনা
আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। পরিবেশক জানান, সিনেপ্লেক্স ও কিছু একক পর্দার মালিকের সাথে প্রাথমিক সম্মতি হয়েছে। শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
নির্মাতারা দর্শকদের বড় পর্দায় ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন। বিটিম লিমিটেড প্রযোজিত এবং এইচএম প্রোডাকশন অ্যান্ড মাল্টিমিডিয়া পরিবেশিত এই চলচ্চিত্রটি সবার জন্য উন্মুক্ত।



