২০১৯ সালে বর্ষবরণের অনুষ্ঠানে দুবাইয়ে প্রথম দেখা মৌনী রায় ও সুরজ নাম্বিয়ারের। ধীরে ধীরে সম্পর্কের গভীরতা বাড়ে, পরস্পরের আরও কাছাকাছি আসেন। প্রায় তিন বছর সম্পর্কে থাকার পর ২০২২ সালের জানুয়ারি মাসে বিয়ে সারেন তাঁরা। বাঙালি ও মালায়লি—দুই রীতি মেনেই বিয়ে হয় তাঁদের। কিন্তু মাত্র চার বছরের দাম্পত্য নাকি ভেঙে গেছে! তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে মন খারাপ ভক্তদের। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মৌনী বা সুরজ—কেউই কিছু জানাননি।
বিবাহবিচ্ছেদের জল্পনার সূত্রপাত
ইনস্টাগ্রামে তাঁরা নাকি একে অপরকে আনফলো করেছেন। শুধু তা–ই নয় মৌনী রায়ের প্রোফাইল থেকে নিশ্চিহ্ন সুরজ! বিষয়টি নেট নাগরিকদের নজরে আসতেই দাম্পত্যে ভাঙন নিয়ে জোর চর্চা নেট–দুনিয়ায়। একসময় থাকত স্বামী সুরজের ছবি, আর এখন অভিনেত্রীর ইনস্টা হ্যান্ডলে একটি ছবিও খুঁজে পাওয়া যাবে না। এরপরই মৌনী-সুরজের বিবাহবিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়েছে। সিংহভাগ নেট নাগরিকের অনুমান, দাম্পত্যে চিড় ধরেছে। সম্ভবত তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
আলোঝলমলে দুনিয়ার বাইরের মানুষ
মৌনী রায়ের মতো তারকাজীবনের সঙ্গে সুরজ নাম্বিয়ারের জগৎ একেবারেই আলাদা। তিনি শোবিজ অঙ্গনের কেউ নন। ভারতের বেঙ্গালুরুতে জন্ম নেওয়া সুরজ পেশায় একজন ব্যবসায়ী ও ইনভেস্টমেন্ট ব্যাংকার। দীর্ঘদিন দুবাইয়ে কাজ করেছেন তিনি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে ফিন্যান্সিয়াল ও ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেছেন সুরজ। পরে দুবাইয়ে পারিবারিক ব্যবসার দায়িত্বও সামলাতে শুরু করেন। গ্ল্যামার দুনিয়া থেকে দূরে থাকতেই পছন্দ করেন সুরজ। ফলে মৌনীর সঙ্গে সম্পর্কের সময়ও খুব একটা আলোচনায় আসেননি তিনি।
দুবাইয়ে শুরু প্রেমের গল্প
একসময় নির্মাতা অয়ন মুখার্জির সঙ্গে মৌনীর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে চেয়েছেন। জানা যায়, ২০১৯ সালের নববর্ষ উদ্যাপনের সময় দুবাইয়ে পারস্পরিক পরিচিতদের মাধ্যমে প্রথম দেখা হয় মৌনী ও সুরজের। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। প্রায় দুই বছর সম্পর্কের পর পরিবারের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় বসেছিল তাঁদের বিয়ের আসর।
একসঙ্গে ব্যবসাও
শুধু ব্যক্তিগত জীবন নয়, ব্যবসায়িক অংশীদারও ছিলেন মৌনী ও সুরজ। ২০২২ সালে তাঁরা চালু করেন একটি এডটেক প্ল্যাটফর্ম। এরপর ২০২৩ সালে মুম্বাইয়ে শুরু করেন বিলাসবহুল রেস্তোরাঁ বদমাশ।
কাজে ব্যস্ত মৌনী
ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের মধ্যেও ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করছেন মৌনী রায়। সামনে মুক্তি পাচ্ছে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’। এ ছাড়া তাঁকে ‘ব্রহ্মাস্ত্র ২’ ও মধুর ভান্ডারকরের নতুন সিনেমাতেও দেখা যাবে।



