গুলশানে শুরু হলো কিশোর আলোর কিআ কার্নিভ্যাল ২০২৬
গুলশানে শুরু কিশোর আলোর কিআ কার্নিভ্যাল ২০২৬

জাতীয় সংগীত ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘কিআ কার্নিভ্যাল ২০২৬’। কিশোর আলোর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার দ্বিতীয়বারের মতো এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। সকাল নয়টায় রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের সূচনা হয়। দিনব্যাপী এ জমজমাট আয়োজন চলবে বিকেল ৪টা পর্যন্ত।

অংশগ্রহণকারী ও অভিভাবকরা

নিবন্ধন সম্পন্ন করা প্রথম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নিয়েছেন। প্রত্যেক অংশগ্রহণকারীর সঙ্গে একজন অভিভাবক (বাবা অথবা মা) উৎসবে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। এবারের আয়োজনে অংশ নিয়েছে ২ হাজারেরও বেশি শিক্ষার্থী ও সমসংখ্যক অভিভাবক।

কর্মশালা ও আলোচনা

এবারের কিআ কার্নিভ্যাল সাজানো হয়েছে তারকা, গুণীজন আর কিশোর আলোর পাঠকদের নিয়ে। আয়োজনে থাকছে আলোকচিত্র, লেখালেখি, ভাষা, ক্যারিয়ার, এআই, কার্টুনসহ নানা বিষয়ে কর্মশালা। পাঠকদের সঙ্গে কার্নিভ্যালের আনন্দ উদ্যাপন করতে উপস্থিত থাকবেন দেশের বরেণ্য শিক্ষাবিদ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। কার্টুন ও কমিকস নিয়ে গল্প করবেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব। ভাষা ও সাহিত্যের আড্ডায় থাকছেন অধ্যাপক তারিক মনজুর। আলোকচিত্র নিয়ে কথা বলবেন নাসির আলী মামুন। শিশুদের অনুপ্রেরণা জোগাতে থাকছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। অনুষ্ঠানে জাদু পরিবেশন করবেন জনপ্রিয় জাদুশিল্পী রাজীব বসাক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তারকা ও বিনোদন

এ ছাড়া আয়োজনে থাকছেন বিনোদনজগতের জনপ্রিয় তারকারা। পাঠকদের সঙ্গে দেখা করতে আসবেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। থাকবেন অভিনেতা আফরান নিশো, ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুব। কিআ কার্নিভ্যালের জমকালো গানের আয়োজনে উপস্থিত থাকবে দেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাভয়েড রাফা। আরও থাকবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও তাঁর গানের দল। গান গাইবেন জনপ্রিয় গায়ক আহমেদ হাসান সানি।

প্রবেশ ও সহযোগিতা

কার্নিভ্যাল প্রাঙ্গণে প্রবেশের সময় প্রবেশপত্র যাচাই করে করা হয় এবং অংশগ্রহণকারীর হাতে বিশেষ সিল দেওয়া হয়, যা অনুষ্ঠানস্থলে প্রবেশ ও বাইরে বের হওয়ার সময় দেখাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ তিনবার উৎসব প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে। সেপনিল নিবেদিত কিআ কার্নিভ্যালে সহযোগিতা করছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। গোল্ড পার্টনার মাইটি চিপস। ভেন্যু পার্টনার আলোকি।