বলিউড বক্স অফিসে এখনো দাপট দেখাচ্ছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। মুক্তির ৩৯ দিন পরও সিনেমাটি দুর্দান্তভাবে চলছে এবং বিশ্বব্যাপী আয় পৌঁছেছে প্রায় ১,৭৭২.৯৪ কোটি রুপি। এর মাধ্যমে ছবিটি ভারতীয় সিনেমার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়েছে।
লক্ষ্য বাহুবলী ২
এখন ছবিটির সামনে সবচেয়ে বড় লক্ষ্য এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী ২’। সেই রেকর্ড ছুঁতে ‘ধুরন্ধর ২’-এর প্রয়োজন আর মাত্র ১৫.১২ কোটি রুপি। বিশ্লেষকদের মতে, বর্তমান গতি ধরে রাখতে পারলে খুব শিগগিরই নতুন ইতিহাস গড়তে পারে সিনেমাটি।
ভারতীয় বাজারে দাপট
ভারতীয় বাজারেও ছবিটির দাপট অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত দেশীয় নেট আয় দাঁড়িয়েছে প্রায় ১,১২৯ কোটি রুপি। নতুন মুক্তিপ্রাপ্ত কয়েকটি ছবি ও চলমান আইপিএল মৌসুমের মাঝেও সিনেমাটির দর্শক টান কমেনি।
আদিত্য ধর পরিচালিত এই অ্যাকশন-স্পাই থ্রিলারে রণবীর সিংয়ের অভিনয় যেমন প্রশংসিত হচ্ছে, তেমনি বড় পরিসরের নির্মাণ, অ্যাকশন দৃশ্য ও আবেগঘন গল্পও দর্শকদের মন কাড়ছে।
বলিউড বিশ্লেষকদের মতে, ‘ধুরন্ধর ২’ শুধু একটি ব্লকবাস্টার নয়, এটি রণবীর সিংয়ের ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলকও হতে যাচ্ছে।



