ইম্পেরিয়াল ফটোসাংবাদিক অ্যাওয়ার্ডে ৩৭ জন সম্মানিত
ইম্পেরিয়াল ফটোসাংবাদিক অ্যাওয়ার্ডে ৩৭ জন সম্মানিত

ফটোসাংবাদিকতা শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৩৭ জন ফটোসাংবাদিককে মর্যাদাপূর্ণ ‘ইম্পেরিয়াল ফটোসাংবাদিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হয়েছে এই আয়োজন, যার আয়োজক ছিল ফটোসাংবাদিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬ সেলিব্রেশন কাউন্সিল।

অনুষ্ঠানের অতিথিবৃন্দ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ নেপাল দূতাবাসের মহামান্য রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী এবং দ্য নিউ নেশনের ম্যানেজিং এডিটর ও ক্রীড়ালোক সম্পাদক আরশাদ হোসেন। অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব জনাব কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন। এছাড়া ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্ট নেপালের সভাপতি প্রদীপ রাজ অন্তার নেতৃত্বে ১০ জনের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্তরা

অনুষ্ঠানে ২৭ জন বাংলাদেশি ফটোসাংবাদিককে পুরস্কার প্রদানের পাশাপাশি নেপালের ১০ জন ফটোসাংবাদিককেও সম্মানিত করা হয়। রয়টার্সের প্রবীণ ফটোসাংবাদিক রফিকুর রহমানকে তার ৫৭ বছরের অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়। অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন দ্য নিউ নেশনের ম্যানেজিং এডিটর ও ক্রীড়ালোক সম্পাদক আরশাদ হোসেনও।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধান অতিথির বক্তব্য

প্রধান অতিথির বক্তব্যে ফারজানা শারমীন আয়োজক কমিটির চেয়ারম্যান মশিউর রহমান সুমনকে ধন্যবাদ জানান এবং এই উদ্যোগকে বাংলাদেশে অভূতপূর্ব বলে অভিহিত করেন। তিনি ভবিষ্যতে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানিয়ে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশেষ অতিথির বক্তব্য

অনুষ্ঠানের বিশেষ অতিথি আরশাদ হোসেন দ্য নিউ নেশন ও ক্রীড়ালোকের পক্ষ থেকে ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘ফটোসাংবাদিকতা কেবল একটি পেশা নয়; এটি একটি দায়িত্ব। প্রতিটি ফ্রেমে ধরা পড়ে আশা, সংগ্রাম, উৎসব, আনন্দ-বেদনার গল্প। আমাদের ফটোসাংবাদিকরা প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক-রাজনৈতিক আন্দোলন কিংবা জাতীয় গৌরবের মুহূর্তগুলো তুলে ধরতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন।’

সম্মাননা প্রদানের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন। ফটো সাংবাদিকদের কাজের মূল্যায়ন ও উৎসাহ দিতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। দেশ-বিদেশের অতিথিদের পদচারণায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।