গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন অনলাইন সংবাদমাধ্যম বাংলা এডিশনের প্রতিনিধি মাহবুবুর রহমান জিলানী। গত রোববার (১৭ মে) দুপুরে কালিয়াকৈরের সূর্তাপুর ইউনিয়নে স্থানীয় মান্নান দেওয়ানের বাড়িতে তথ্য সংগ্রহে গিয়ে তার ছেলে রিফাতসহ কয়েকজনের হামলার শিকার হন তিনি। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

সাংবাদিকের অভিযোগ

সাংবাদিক জিলানী অভিযোগ করে বলেন, স্থানীয় মান্নান দেওয়ান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের ভগ্নিপতি। প্রতিমন্ত্রীর ক্ষমতার প্রভাবে মান্নান দেওয়ান অল্প সময়ের মধ্যে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। গাজীপুরে তিনি সাত তলা ভবন নির্মাণ করছেন। ইতিমধ্যে একতলা সম্পন্ন করা হয়েছে।

জিলানীর ভাষ্য, মান্নান দেওয়ানের চাচাতো বোন তাকে জানিয়েছেন, মান্নান বর্তমানে কোনো নির্দিষ্ট পেশায় নিয়োজিত কিনা, তা তার জানা নেই। মান্নানের নামে কোনো জমিজমা নেই বলেই তিনি জানতেন। প্রতিমন্ত্রীর ভগ্নিপতি হওয়ার বিশেষ সুবিধা নিচ্ছেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভুক্তভোগী সাংবাদিক মাহবুবুর রহমান জিলানী অভিযোগ করে বলেন, আমি তথ্য সংগ্রহের জন্য সেখানে যাই এবং মান্নান দেওয়ানের সঙ্গে কথা বলি। নির্মাণাধীন ভবন দেখতে গেলে প্রতিমন্ত্রীর ভাগনে রিফাতসহ একটি সংঘবদ্ধ দল আমাকে আটকিয়ে শারীরিকভাবে হেনস্থা করে।

জিলানী জানান, হামলাকারীরা তার মোবাইল ফোনে থাকা দুর্নীতিবিষয়ক তথ্য ও ভিডিও মুছে ফেলতে চাপ দেয়। পরে ফোনটি ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয় এবং তার কাছ থেকে নগদ টাকাও নেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

পুলিশের উদ্ধার ও চিকিৎসা

ঘটনার পর সংবাদ পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে মান্নান দেওয়ান দাবি করেছেন, জমি ও গাড়ি বিক্রির অর্থ দিয়ে তিনি বাড়িটি নির্মাণ করছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সোমবার বেলা সাড়ে ১১টায় টঙ্গীর কলেজ গেট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জাতীয় গণমাধ্যম কমিশন ও স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি একেএম আজিজুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন— সংগঠনের সাধারণ সম্পাদক মো. কালিমুল্লাহ ইকবাল, সাংগঠনিক সম্পাদক কামাল খান, সিনিয়র সহ-সভাপতি মোসলেহ উদ্দিন বাচ্চু, সাংবাদিক ইব্রাহীম খলিল, ফয়জুল রহমান আরিফ, আবু রায়হান খান, গাজী মামুন, বি এম আশিক হাসান, মাহবুব আলম জুয়েল, রাজিবুল ইসলাম রাজিব এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর মহানগরের সভাপতি মো. মনিরুল ইসলাম রাজিব প্রমুখ।

সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে এ হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।