সাবেক এমপি বুবলী ফের গ্রেফতার, কারাগারে প্রেরণ
সাবেক এমপি বুবলী ফের গ্রেফতার, কারাগারে প্রেরণ

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৪ মে) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

আদালতে উপস্থিতি ও শুনানি

আসামিকে আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম গ্রেফতার দেখানোর আবেদন করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী শুনানিতে বলেন, এ মামলার ঘটনায় বুবলীর ঘনিষ্ঠতা রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য পাওয়া যাবে। তাই তাকে গ্রেফতার দেখানো হোক।

অন্যদিকে, বুবলীর পক্ষে আইনজীবী তাহমিনা তাহেরীণ মুমু শুনানিতে বলেন, তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে মিছিলের টাকার জোগানদাতা যে অভিযোগ দিয়েছেন তা ভিত্তিহীন। কারণ এর কোনো স্লিপ নেই। তিনি আরও বলেন, বুবলীর বাড়িতে দুইটা বাচ্চা আছে এবং নরসিংদী থেকে কীভাবে টাকার জোগান দেবে? সার্বিক বিবেচনায় তাকে জামিন দেওয়া উচিত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলার বিবরণ

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৭ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে তেজগাঁও থানাধীন বিজয় সরণি এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি রাষ্ট্রবিরোধী মিছিল বের করে। মিছিলে অংশগ্রহণকারীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করে উসকানিমূলক স্লোগান দেয় এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালানোর চেষ্টা করে। সে সময় হাতেনাতে মিরাজুল ইসলাম ওরফে মিঠু নামে একজনকে গ্রেফতার করা হয়। যার কাছ থেকে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত প্লাস্টিকের ব্যাগ এবং ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ওই ঘটনায় তেজগাঁও থানার উপপরিদর্শক নিয়াজ উদ্দিন এজাহারনামীয় ১০ জন ও অজ্ঞাত ৩০/৪০ জনের নামে বাদী হয়ে মামলা করেন। আবেদন অনুযায়ী, ঘটনার পর স্থানীয় তদন্ত ও গ্রেফতার আসামির জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে যে, সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী ওই মিছিলের অর্থ জোগানদাতা ছিলেন। তাই তাকে এ মামলায় সুষ্ঠু তদন্তের জন্য গ্রেফতার দেখানো হোক।

বর্তমান অবস্থা

তামান্না নুসরাত বুবলী বর্তমানে অন্য একটি মামলায় ডিএমপি তেজগাঁও থানার মামলায় গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে জেলহাজতে রয়েছেন। তেজগাঁও থানায় দায়েরকৃত এই নাশকতার মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পুনরায় গ্রেফতার দেখানো প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।