সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দফতরের এনসিকম ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পুলিশ ও র্যাবের ওপর হামলার নিন্দা

সম্প্রতি চট্টগ্রামে পুলিশ ও র্যাবের ওপর হামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র্যাব ও পুলিশের ওপর যে হামলা হয়েছে, সেটা আমরা খুব গভীরভাবে দেখেছি। এ বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। সেটা খুব শিগগিরই দৃশ্যমান হবে। তারা খুবই উদ্ধত আচরণ করেছে, দুঃসাহস দেখিয়েছে, সেটা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করবো।

জঙ্গল সলিমপুরে অভিযান অব্যাহত

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযান চলছে। সন্ত্রাসীরা যতই ঝামেলার দিকে যাক, আমরা প্রতিহত করার চেষ্টা করবো। তিনি বলেন, এটা অনুমান করতে পারি, দীর্ঘ ১৭ বছর দেশে আইনের শাসন ছিল না। দুর্বৃত্তায়নের একটা মহামারি ছিল। জঙ্গল সলিমপুরকে আমরা রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হতে দেখেছি। সেটি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আনতে পেরেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, সেখানে যখন যৌথ অভিযান হয়েছে, অনেক অস্ত্র উদ্ধার হয়েছে, দাগী আসামি গ্রেফতার হয়েছে। সেখানে পুলিশ অ্যাকাডেমি, র্যাবের অ্যাকাডেমি, ক্রীড়া কমপ্লেক্সসহ বিভিন্ন স্থাপনার পরিকল্পনা আছে। চট্টগ্রাম জেলা কারাগার হওয়ার কথা আগে থেকেই। সেই জায়গায় সন্ত্রাসীরা তাদের পুরোনো অবস্থান ধরে রাখতে চাইছে। তবে তারা যে উদ্ধত আচরণ করেছে, দুঃসাহস দেখিয়েছে, সেটা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার

সালাহউদ্দিন আহমদ বলেন, আমি এখনই পুরো পরিকল্পনা প্রকাশ করতে চাই না। তবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না। নির্মূল করা হবে। আশা করি, সবাই সহযোগিতা করবেন। দেশে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ – কারও জায়গা হবে না। এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি।

সীমান্ত পরিস্থিতি নিয়ে বক্তব্য

সীমান্তে গোলাগুলির পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে কোনো সমস্যা হলে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে আলোচনা করে সমাধান করা হয়। দুই-একটা ঘটনা নজরে এসেছে। বিজিবির মহাপরিচালক তাৎক্ষণিকভাবে সেগুলো দেখেছেন। কিছু জায়গায় পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। পরে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সমাধান হয়। তবে জাতীয়ভাবে উত্তেজনা তৈরির মতো কোনো ঘটনা ঘটেনি।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও মাদক দমন

লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মাবলম্বীর ধর্মচর্চার স্বাধীনতা নিশ্চিত করতে আমরা যথাযথ ব্যবস্থা নেবো। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সাভারে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা রিপোর্ট এবং তথ্যটা দেন, আমরা এখনই ব্যবস্থা নেবো। তথ্যটা দেন, আমরা ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেবো। গত তিন মাসে যেসব জঘন্য অপরাধ হয়েছে, সেগুলোতে আমরা সময়মতো ব্যবস্থা নিয়েছি। এটাও করা হবে।

টোল প্লাজায় যানজট নিরসনের পরিকল্পনা

টোল প্লাজায় দীর্ঘ যানজট নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সমস্যার সমাধানে উন্নত প্রযুক্তিনির্ভর ব্যবস্থা প্রয়োজন। এখন ম্যানুয়ালি টোল আদায় করা হচ্ছে। টিকিট নিতে গিয়ে দীর্ঘ লাইন তৈরি হয়। অনেক দেশে এটা স্বয়ংক্রিয় করা হয়েছে। গাড়িতে একটি কার্ড থাকবে, ডিজিটাল ব্যবস্থায় সেখান থেকে টাকা কেটে নেওয়া হবে। তখন আর অপেক্ষা করতে হবে না। বিষয়টি নিয়ে সরকার চিন্তা করছে। সড়ক পরিবহন মন্ত্রণালয়কে আমি পরামর্শ দেবো।