আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৬ উপলক্ষে গত শুক্রবার প্রথম আলো ট্রাস্টের আয়োজনে সারা দেশের ৬৪টি জেলায় একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বন্ধুসভার সহযোগিতায় বিকেল পাঁচটায় এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মাদক জাতিকে মেধাশূন্য করে। সমাজ ও দেশকে বাঁচাতে মাদক প্রতিরোধ করতে হবে এবং মাদকের বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সিলেটে মানববন্ধন
সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে বক্তব্য দেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ জহিরুল হক, আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল, গল্পকার জামান মাহবুব ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন। বক্তারা খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ মাদকের বিস্তার বলে মন্তব্য করেন। সিলেট বন্ধুসভার সভাপতি দেব রায় সৌমেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কবি পুলিন রায়, সুমন বণিক, সরকারি মদন মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান রজত কান্তি ভট্টাচার্য, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, ছড়াকার অজিত রায়, সাংবাদিক মিঠু দাস, স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর অন্বেষণের’ সভাপতি সাজন আহমদ, শিল্পী ইকবাল সাঁই ও আশরাফুল ইসলাম এবং সিলেট বন্ধুসভার সাধারণ সম্পাদক শেখ ফয়সাল আহমদ।
কুমিল্লায় মানববন্ধন
কুমিল্লা নগরের টাউন হল ফটকের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন কুমিল্লা বন্ধুসভার উপদেষ্টা নারীনেত্রী দিলনাশি মোহসেন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, বন্ধুসভার উপদেষ্টা ও ইতিহাস–গবেষক আহসানুল কবীর, নারীনেত্রী রোকেয়া বেগম শেফালী, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, কুমিল্লা আইডিয়াল কলেজের শিক্ষক হাসান ভূঁইয়া, সাংবাদিক শামছুল আলম, মহিউদ্দিন ভূঁইয়া, কুমিল্লা বন্ধুসভার সভাপতি প্রশান্ত কর্মকার, সাধারণ সম্পাদক হানিফ মোসাব্বির ও সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ। প্রথম আলোর কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা, সাংবাদিক শাহ আলম, আর কে রাসেল ও আবু জাফর সালেহ উপস্থিত ছিলেন।
জামালপুরে মানববন্ধন
জামালপুর শহরের আশেক মাহমুদ কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধনে জামালপুর বন্ধুসভার সভাপতি অন্তরা চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমির হামজা, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মিয়া, সহসাংগঠনিক সম্পাদক মো. বাকি বিল্লাহ, দপ্তর সম্পাদক নাহিদুল হাসান ও পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নুসরাত ইসলাম বক্তব্য দেন। বক্তারা মাদকের বিস্তার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পরিবারের সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। তাঁরা বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে খেলাধুলা, বই পড়া ও সুস্থ সংস্কৃতিচর্চায় আরও বেশি মনোযোগী করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন অশোকা ফেলো চিকিৎসক মাতিন আহমেদ। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেনের সঞ্চালনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের সরকারি কৌঁসুলি আবদুর রহিম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আল আমিন, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক হারুন অর রশিদ, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক নেহার রঞ্জন সরকার, নদী ও প্রকৃতি সুরক্ষার সংগঠন তরী বাংলাদেশের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শামীম আহমেদ ও সদস্য সোহেল রানা ভূঁইয়া, জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সদস্য ও সংস্কৃতিকর্মী হৃদয় কামাল, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ, শিক্ষার্থী শারমিনুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সভাপতি শাহজাহান মিয়া।
চাঁদপুরে মানববন্ধন
চাঁদপুর শহরের মুক্তিযুদ্ধের সড়ক ভাস্কর্য অঙ্গীকার পাদদেশে মানববন্ধনে সভাপতিত্ব করেন চাঁদপুর বন্ধুসভার সভাপতি মাসুদ হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ। অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, সুজনের চাঁদপুরের সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেন, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল আমিন খান ও রাসেল খন্দকার। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, মাদক এখন সমাজের সবচেয়ে বড় সমস্যা। এ সমস্যা দূর করতে তাঁরা রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে নানা ধরনের কাজ করছেন।
টাঙ্গাইলে মানববন্ধন
টাঙ্গাইল শহরের শহীদ মিনারের সামনে মানববন্ধনে বক্তব্য দেন সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদা, সুজনের টাঙ্গাইল জেলার সহসভাপতি বাদল মাহমুদ, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের জেলার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলার সদস্যসচিব মাসুদুর রহমান, উদীচীর টাঙ্গাইলের সহসভাপতি পিংকু মজুমদার, বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান, লোকসংগীতশিল্পী লিজু বাউলা, সামাজিক সংগঠন ‘সর্বদা নির্ভীকের’ প্রতিষ্ঠাতা সামিউল হাসান ও সৈয়দা তাসমু।
কিশোরগঞ্জে মানববন্ধন
‘মাদককে না বলো, মাদকাসক্তি একটি ব্যাধি’ স্লোগানে কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর পাড়ের মুক্তমঞ্চ এলাকায় মানববন্ধনে এলাকাবাসী, তরুণসমাজ, বন্ধুসভার সদস্যসহ স্থানীয় সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে এখনই প্রতিরোধ না গড়ে তুললে ভবিষ্যৎ প্রজন্ম চরম ঝুঁকির মধ্যে পড়বে। প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই একটি মাদকমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব।
মৌলভীবাজারে মানববন্ধন
মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে মানববন্ধনে অংশ নেন শিক্ষক রানু তালুকদার, কবি ও শিক্ষক কন্দর্প বিজয় চৌধুরী, পরিবেশ ও নাট্যকর্মী আ স ম সালেহ সুহেল, হাওর রক্ষা আন্দোলনের সদস্যসচিব এম খছরু চৌধুরী, বাপার জেলার সাধারণ সম্পাদক শিবপ্রসন্ন ভট্টাচার্য, শিক্ষক অজয় ঘোষ, সাংস্কৃতিক সংগঠক শৈলেন রায় রাখাল, মৌলভীবাজার বন্ধুসভার উপদেষ্টা ও কবি মুজাহিদ আহমদ, কবি সুমন দাশগুপ্ত, বন্ধুসভার সভাপতি রাতুল আহমদ ও সম্পাদক তালহা আমিন তাহসিন। কর্মসূচি সমন্বয় করেন প্রথম আলোর মৌলভীবাজারের নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন। এ ছাড়া সুনামগঞ্জ, নরসিংদী ও ভৈরবে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।



