পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ জানিয়ে সারমাত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা রাশিয়ার
পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ জানিয়ে সারমাত ক্ষেপণাস্ত্র পরীক্ষা

পশ্চিমা বিশ্বকে নিজেদের শক্তির জানান দিতে পারমাণবিক সক্ষমতাসম্পন্ন প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ‘সারমাত’-এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। পশ্চিমা দেশগুলোর কাছে ‘শয়তান-২’ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটিকে পুতিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল সিস্টেম হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে চলতি বছরের শেষ নাগাদ এটি যুদ্ধের ময়দানে মোতায়েনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

সারমাতের বৈশিষ্ট্য

২০৮ টন ওজনের এই ‘ডুমসডে’ রকেটটি উচ্চতায় প্রায় ১৪ তলা ভবনের সমান। ক্রেমলিন নেতা জানিয়েছেন, আরএস-২৮ সারমাত উত্তর বা দক্ষিণ মেরুর ওপর দিয়ে উড়ে গিয়ে পশ্চিমে আঘাত হানতে সক্ষম। তিনি দম্ভোক্তি করে বলেন, ‘এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ধ্বংসক্ষমতা বর্তমান বিশ্বের যেকোনও শক্তিশালী পশ্চিমা ক্ষেপণাস্ত্রের তুলনায় চার গুণ বেশি।’

পুতিন আরও দাবি করেন, এই ক্ষেপণাস্ত্রটি কেবল ব্যালিস্টিক ট্র্যাজেক্টোরিতেই নয়, বরং সাবঅরবিটাল পথেও চলতে পারে। এর পাল্লা ৩৫ হাজার কিলোমিটারের বেশি এবং এটি বর্তমান বা ভবিষ্যতে আসতে পারে এমন যেকোনও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরীক্ষার ইতিহাস

পুতিনের কাছে স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সের কমান্ডার সের্গেই কারাকায়েভ এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার কথা নিশ্চিত করেছেন। তবে ক্রেমলিনের দাবি সত্য হলে এটি হবে এই ক্ষেপণাস্ত্রের মাত্র দ্বিতীয় সফল পরীক্ষা। সাধারণত যেকোনও নতুন কৌশলগত ক্ষেপণাস্ত্র মোতায়েনের আগে ডজনখানেক পরীক্ষার প্রয়োজন হয়।

বিশ্বের বৃহত্তম এই ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত সময়ের চেয়ে কয়েক বছর পিছিয়ে আছে। ২০২২ সালের এপ্রিলের পর এটিই এর প্রথম সফল মিশন। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে প্লেসেটস্ক কসমোড্রোমে এটি উৎক্ষেপণ প্যাডেই বিস্ফোরিত হয়ে ২০০ ফুট চওড়া গর্ত তৈরি করেছিল। এ ছাড়া ২০২৫ সালের নভেম্বরে উৎক্ষেপণের পরপরই একটি রকেট বিধ্বস্ত হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভ্যন্তরীণ অস্থিরতা

এই ক্ষেপণাস্ত্র প্রকল্পকে কেন্দ্র করে রাশিয়ার অভ্যন্তরীণ প্রশাসনেও অস্থিরতা দেখা গেছে। সারমাত মোতায়েনের জন্য প্রস্তুত, এমন মিথ্যা দাবি করায় মহাকাশ সংস্থার দুই প্রধানকে বরখাস্ত করেছেন পুতিন। এমনকি গত মাসে এই ক্ষেপণাস্ত্র তৈরির কারখানার প্রধান ৫৫ বছর বয়সী আলেকজান্ডার গাভরিলভকে সাইবেরিয়ায় অর্থ আত্মসাতের রহস্যজনক অভিযোগে আটক করা হয়েছে।

সূত্র: মিরর