৮০০ কোটি আলোকবর্ষ দূর থেকে আসা মেগা-লেজার সংকেত শনাক্ত, চ্যালেঞ্জে বিজ্ঞান
মহাকাশ থেকে আসা মেগা-লেজার সংকেত শনাক্ত

৮০০ কোটি আলোকবর্ষ দূর থেকে আসা মেগা-লেজার সংকেত শনাক্ত, চ্যালেঞ্জে বিজ্ঞান

দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা মহাকাশ থেকে আসা একটি অত্যন্ত শক্তিশালী মেগা-লেজার সংকেত শনাক্ত করেছেন, যা প্রায় ৮০০ কোটি আলোকবর্ষ দূর থেকে ভেসে এসেছে। এই সংকেতটি পৃথিবীতে পৌঁছানোর পরও তার তীব্রতা হারায়নি, যা প্রচলিত বৈজ্ঞানিক ধারণাগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। দক্ষিণ আফ্রিকার মিরক্যাট রেডিও টেলিস্কোপের সাহায্যে সংকেতটি শনাক্ত করা হয়েছে, যা মহাকাশ গবেষণায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সংকেতের উৎস ও বৈশিষ্ট্য

সাধারণ নিয়ম অনুযায়ী, দীর্ঘ পথ অতিক্রম করার সময় মহাজাগতিক সংকেতগুলো মহাকাশের ধূলিকণা ও গ্যাসে বাধা পেয়ে দুর্বল বা বিকৃত হয়ে যায়। কিন্তু এই সংকেত দীর্ঘ ৮০০ কোটি বছরের যাত্রা সত্ত্বেও তার উজ্জ্বলতা বজায় রেখে পৃথিবীতে ধরা দিয়েছে। প্রযুক্তিগত ভাষায় এই সংকেতকে হাইড্রক্সিল মেগামেজার বলা হয়, যা মাইক্রোওয়েভ বিকিরণের একটি প্রাকৃতিক রূপ এবং লেজারের মতোই কাজ করে, তবে রেডিও তরঙ্গের মাধ্যমে।

বিজ্ঞানীদের তথ্যমতে, যখন দুটি গ্যালাক্সি বা ছায়াপথের মধ্যে সংঘর্ষ ঘটে, তখন সেখানকার গ্যাস প্রচণ্ড চাপে সংকুচিত হয়। এই চাপের ফলে হাইড্রক্সিল অণুগুলো উত্তেজিত হয়ে ওঠে এবং তীব্র বিকিরণ নির্গত করতে শুরু করে। ধারণা করা হচ্ছে, মহাজাগতিক সংকেতটি হ্যাটলাস নামের গ্যালাক্সি সিস্টেম থেকে এসেছে। সংকেতটির তীব্রতা এতই বেশি যে একে সাধারণ মেগামেজারের বদলে গিগামেজার হিসেবে অভিহিত করা যেতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজ্ঞানীদের ব্যাখ্যা

মহাকাশ থেকে ভেসে আসা মেগা-লেজার সংকেতের বিষয়ে বিজ্ঞানী থাতো মানামেলা বলেন, ‘আমরা মহাবিশ্বের প্রায় অর্ধেক পথ দূর থেকে আসা একটি লেজার রশ্মির রেডিও সংস্করণ পর্যবেক্ষণ করছি। সংকেতটির উৎসের সামনে থাকা একটি গ্যালাক্সি অনেকটা বিবর্ধক কাচের মতো কাজ করেছে। সেই গ্যালাক্সির অভিকর্ষ বল সংকেতটিকে আরও ঘনীভূত ও শক্তিশালী করে তুলেছে, যার ফলে এত দূর থেকে আসা সত্ত্বেও পৃথিবীতে এটি স্পষ্টভাবে ধরা পড়েছে।’

এই আবিষ্কারটি মহাকাশ বিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে, কারণ এটি মহাজাগতিক সংকেতের স্থায়িত্ব এবং শক্তির বিষয়ে প্রচলিত ধারণাগুলোকে পুনর্বিবেচনা করতে বাধ্য করছে। বিজ্ঞানীরা এখন এই সংকেতের উৎস এবং এর প্রভাব নিয়ে আরও গভীর গবেষণা চালাচ্ছেন, যা ভবিষ্যতে মহাবিশ্বের রহস্য উন্মোচনে সহায়ক হতে পারে।