মে মাসের শেষে বাংলাদেশের আকাশে চাঁদ-গ্রহের মেলা
মে মাসের শেষে বাংলাদেশের আকাশে চাঁদ-গ্রহের মেলা

মে মাসের শেষার্ধে বাংলাদেশের আকাশে মৌসুমি বায়ুর প্রভাবে মেঘের আনাগোনা থাকলেও, মেঘ সরে গেলে বায়ুমণ্ডল পরিষ্কার হয়ে যায়। ফলে গ্রহ ও নক্ষত্রের মেলা সহজেই দেখা যায়। ৩১ মে পর্যন্ত বাংলাদেশের আকাশে কী কী মহাজাগতিক দৃশ্য দেখা যাবে, তা জেনে নেওয়া যাক।

বৃহস্পতি ও শনির দর্শন

মে মাসের ২০ তারিখের পর থেকে বৃহস্পতি ও শনি ভোরের আকাশে বেশ উঁচুতে অবস্থান করবে। বিশেষ করে ৩০ ও ৩১ মে ভোরে পূর্ব-দক্ষিণ দিগন্তে এ দুই দৈত্যাকার গ্রহকে বেশ উজ্জ্বল দেখাবে। যদি আপনি টেলিস্কোপ ব্যবহার করেন, তবে শনির বলয় ও বৃহস্পতির গ্যালিলিয়ান উপগ্রহগুলো দেখার এটাই সেরা সময়। এ ছাড়া মঙ্গল গ্রহের লালচে আভার মনোমুগ্ধকর দৃশ্যও দেখা যাবে ভোরের আকাশে।

চাঁদ ও গ্রহের বিশেষ মুহূর্ত

২৩ মে বাংলাদেশের আকাশে দেখা যাবে বছরের অন্যতম উজ্জ্বল পূর্ণিমা। জ্যৈষ্ঠের এ পূর্ণিমার আলোয় গ্রামবাংলার প্রকৃতি এক অপূর্ব রূপ ধারণ করবে। তবে আকাশ পর্যবেক্ষকদের জন্য সময়টি কিছুটা চ্যালেঞ্জের, কারণ চাঁদের তীব্র আলোয় ক্ষীণ নক্ষত্র বা গ্যালাক্সি দেখা কঠিন হয়ে পড়ে। ৩১ মে ভোরের আকাশে এক অনন্য দৃশ্য দেখা যাবে। সরু ফালির চাঁদ ও উজ্জ্বল বৃহস্পতি গ্রহ একে অপরের খুব কাছাকাছি অবস্থান করবে। সূর্যোদয়ের ঠিক আগে পূর্ব দিগন্তে খালি চোখেই দেখা যাবে এ দৃশ্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নক্ষত্রপুঞ্জের রাজত্ব

মে মাসের শেষ দিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের নক্ষত্রের বিন্যাসে বড় ধরনের পরিবর্তন দেখা যাবে। সন্ধ্যার আকাশে লিও নক্ষত্রপুঞ্জ কিছুটা পশ্চিম দিকে হেলে পড়বে এবং এটির প্রধান নক্ষত্র রেগুলাসকে সূর্যাস্তের পর দক্ষিণ-পশ্চিম আকাশে দেখা যাবে। অন্যদিকে, মে মাসের শেষ সপ্তাহে রাত ১০টার পর থেকে পূর্ব আকাশে দেখা মিলবে বিখ্যাত সামার ট্রায়াঙ্গেলের। তিনটি ভিন্ন নক্ষত্রপুঞ্জের তিনটি উজ্জ্বল নক্ষত্র ভেগা, ডেনেব ও আলটায়ারের সমন্বয়ে তৈরি হওয়া বিশাল এই ত্রিভুজ মূলত উত্তর গোলার্ধে গ্রীষ্মের আগমনের বার্তা দিয়ে থাকে। এ সময় উত্তর-পূর্বে আকাশে উজ্জ্বল কমলা রঙের আর্কটারাস নক্ষত্রও দেখা যাবে।

সূত্র: স্কাই ম্যাপ অনলাইন, অ্যাস্ট্রনমি, স্কাই অ্যান্ড টেলিস্কোপ, নাসা