ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প
ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের দেওয়া একটি শান্তি প্রস্তাব তেহরান পর্যালোচনা করার প্রেক্ষাপটে ট্রাম্প জানিয়েছেন, আলোচনা ‘খুব ভালো’ হয়েছে এবং এই যুদ্ধ ‘দ্রুত শেষ হবে’। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক খবর জানিয়েছে।
বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরান একটি চুক্তি করার জন্য ‘তীব্র আকাঙ্ক্ষা’ প্রকাশ করছে। তবে চুক্তির ক্ষেত্রে তার প্রধান শর্ত হলো, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। তিনি বলেন, “আমরা যদি সমঝোতায় পৌঁছাই, তাহলে তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।”
পরবর্তীতে সংবাদমাধ্যম পিবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আগামী সপ্তাহে চীন সফরের আগেই তিনি একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী। তবে আলোচনার টেবিলে ইতিবাচক ফল না এলে তিনি ফের সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
ট্রাম্প বলেন, “আমি মনে করি এটি শেষ হওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। আর যদি শেষ না হয়, তাহলে আমাদের তাদের ওপর আবারও ব্যাপক বোমাবর্ষণে ফিরতে হবে।”
মার্কিন প্রেসিডেন্ট আশাবাদী হলেও তেহরান জানিয়েছে, তারা এখনও প্রস্তাবটি পর্যালোচনা করছে। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই শান্তি প্রক্রিয়ার আলোচনা চললেও ইরান এখনই চূড়ান্ত কোনও সমঝোতার কথা নিশ্চিত করেনি।



