মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সরাসরি ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং তারা তাকে দেশটির ওপর হামলা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। তবে ট্রাম্পের এ দাবিকে প্রত্যাখ্যান করেছে ইরান। ফক্স নিউজের একজন প্রতিবেদকের বরাতে এই তথ্য জানা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ফক্স নিউজের প্রতিবেদনে ট্রাম্পকে উদ্ধৃত করে বলা হয়, বোমাবর্ষণ শিগগিরই বন্ধ হবে। একইসঙ্গে তিনি দাবি করেন, এসব হামলায় ইসরায়েল জড়িত নয়। ট্রাম্প আরও বলেন, ইরানি কর্মকর্তারা তাকে ফোন করে হামলা বন্ধের অনুরোধ জানিয়েছেন। তবে তিনি এই আলোচনার বিস্তারিত জানাননি।
এদিকে ট্রাম্পের ইরানের সঙ্গে যোগাযোগের দাবিকে মিথ্যা বলেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানিয়েছে, দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানি কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনও যোগাযোগ করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইরানি কর্মকর্তারা তার সঙ্গে যোগাযোগ করেছেন বলে ট্রাম্পের দাবি মিথ্যা, তা মূলত ইরানের সাথে যুদ্ধ এড়ানোর একটি অজুহাত মাত্র।
ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান নিজের প্রতিরক্ষার অধিকার সংরক্ষণ করে। তিনি ট্রাম্পের দাবিকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে অভিহিত করেন। এই ঘটনা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে নতুন মাত্রা যোগ করেছে।



