ফেনীর সদর উপজেলার খাইয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এলপিজি সিলিন্ডারবাহী একটি ট্রাকের পেছনে দ্রুতগতির কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাকের চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক-সহকারীসহ অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়
নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক জাহাঙ্গীর আলম (৪০) ও তাঁর সহকারী রাকিব হোসেন (১৮)। জাহাঙ্গীরের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার দুঃখিয়ারকান্দি এলাকায় এবং রাকিবের বাড়ি একই জেলার বরুড়া উপজেলার ঝাপুয়া গ্রামে।
দুর্ঘটনার বিবরণ
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সিলিন্ডারবোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে কুমিল্লা যাচ্ছিল। পথে চাকা পাংচার হওয়ায় এটিকে ফেনীর খাইয়ারা এলাকার মহাসড়কে দাঁড় করানো হয়। এরপর ট্রাকের চালক ও সহকারী নিচে নেমে চাকা মেরামতের প্রস্তুতি নেওয়া শুরু করেন। একপর্যায়ে একই লেনে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার ফলে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ট্রাকে থাকা এলপিজি সিলিন্ডারগুলোও ছিটকে সড়কে পড়ে। এতে ট্রাকের চালক, সহকারীসহ আশপাশে থাকা কয়েকজন ও কাভার্ড ভ্যানের চালক-সহকারী আহত হন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হাইওয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, চাকা ঠিক করার প্রস্তুতি নেওয়ার এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই কাভার্ড ভ্যানটি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক, সহকারীসহ আশপাশের কয়েকজন আহত হন।
হাসপাতালের তথ্য
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশারফ হোসেন তালুকদার বলেন, গতকাল রাতে দুর্ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মধ্যে দুজন হাসপাতালে ভর্তি আছেন এবং একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
পুলিশের ব্যবস্থা
ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক মো. শহীদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



