যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে আরেকটি হামলা চালিয়েছে। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার এই হামলা পরিচালিত হয়। ওই কর্মকর্তা দাবি করেন, যুক্তরাষ্ট্রের সেনা এবং বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি সৃষ্টি করতে পারে—এমন একটি লক্ষ্যবস্তুকে কেন্দ্র করেই এই অভিযান চালানো হয়েছে।
হামলার পাশাপাশি ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ওই এলাকায় অন্তত তিনটি বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
তবে যুক্তরাষ্ট্রের হামলা বা বন্দর আব্বাসে বিস্ফোরণ—কোনো ঘটনাতেই তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে চলতি সপ্তাহে একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল। ফলে তিন দিনের ব্যবধানে এটি দ্বিতীয় মার্কিন হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি প্রসঙ্গে নিজের আগের অবস্থানেই অনড় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চুক্তি নিয়ে তাঁকে কোনো ধরনের চাপের মধ্যে ফেলা যাবে না।
ট্রাম্প আরও দাবি করেন, তার প্রশাসনকে রাজনৈতিকভাবে দুর্বল করার জন্য ইরান যে দীর্ঘমেয়াদি কৌশল নিচ্ছে, তা সফল হবে না। তিনি বলেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচন নিয়েও তিনি কোনো ধরনের উদ্বেগে নেই।



