যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের কাছে ‘গানফাইটার স্কাইজ’ বিমান প্রদর্শনীতে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) স্থানীয় সময় প্রদর্শনীর দ্বিতীয় ও শেষ দিনে মাঝ আকাশে মার্কিন নৌবাহিনীর দুটি ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষ হয়।
ক্রু সদস্যরা নিরাপদে বেরিয়ে আসেন
মার্কিন নৌবাহিনীর মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানান, সংঘর্ষের আগেই বিমান দুটির চার ক্রু সদস্য নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হন। তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং চিকিৎসকরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। তবে তারা আহত হয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয়।
দুর্ঘটনার পর বিমানঘাঁটি লকডাউন
সংঘর্ষের পর ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিমানঘাঁটি লকডাউন করা হয়। পরে প্রদর্শনীর বাকি আয়োজন বাতিল ঘোষণা করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বিমান দুটির ক্রু সদস্যরা স্থিতিশীল অবস্থায় আছেন। বিবৃতিতে অতিথিদের ধৈর্য ও সহমর্মিতার জন্য ধন্যবাদ জানানো হয়, যার ফলে দ্রুত ও নিরাপদভাবে পরিস্থিতি মোকাবিলা সম্ভব হয়েছে।
বিমানের মূল্য ও স্কোয়াড্রন
ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমান দুটি ওয়াশিংটন অঙ্গরাজ্যভিত্তিক একটি ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রনের অধীনে ছিল। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, প্রতিটি বিমানের মূল্য প্রায় ৬ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ৫০ দশমিক ৩ মিলিয়ন পাউন্ড)।
‘সিলভার উইংস অব আইডাহো’র প্রতিনিধি কিম সাইকস স্থানীয় সিবিএস সহযোগী চ্যানেলকে জানান, দুর্ঘটনায় বিমানঘাঁটির ভেতরে কেউ হতাহত হননি।
উল্লেখ্য, ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শো সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল, তখন এক গ্লাইডার পাইলট দুর্ঘটনায় নিহত হন।



