ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র না থাকলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করত। বুধবার (২৪ জুন) সংবাদমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তান সফরকালে তিনি এসব কথা বলেন।
প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আপস নয়
পেজেশকিয়ান স্পষ্ট করে বলেন, ইরানের আত্মরক্ষার সক্ষমতা নিয়ে কখনো কোনো আপস করা হবে না। তিনি গাজায় চলমান নির্মমতার কথা উল্লেখ করে বলেন, সামরিক শক্তি না থাকলে শত্রুরা ইরানের শিশু কিংবা বৃদ্ধ, কাউকেই রেহাই দিত না।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে সরকারি সফরে মঙ্গলবার (২৩ জুন) ইসলামাবাদে পৌঁছান ইরানের প্রেসিডেন্ট। রাওয়ালপিন্ডির নূর খান বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমীরি মোগাদ্দামসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও ওমান থেকে এসে প্রেসিডেন্টকে স্বাগত জানান।
ক্ষেপণাস্ত্র ইরানের প্রধান প্রতিরক্ষা শক্তি
পেজেশকিয়ানের মতে, ক্ষেপণাস্ত্র ইরানের প্রধান প্রতিরক্ষা শক্তি। এটি না থাকলে দেশটির অবস্থা গাজার চেয়েও খারাপ হতে পারত। তাই এই কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ বা ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।



