ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ, তেলের দামে নতুন রেকর্ড
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ, তেলের দাম রেকর্ড

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা বড় ধরনের হোঁচট খেয়েছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অযৌক্তিক দাবির অভিযোগ তুলেছে। এই অচলাবস্থার জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে উত্তেজনা আরও বেড়েছে, যার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম নতুন উচ্চতায় পৌঁছেছে।

যুদ্ধের ৭৩তম দিন

সোমবার ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের ৭৩তম দিন পূর্ণ হয়েছে। রবিবার গভীর রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনও সুনির্দিষ্ট কারণ ছাড়াই ইরানের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। কয়েক দিন আগেই আলোচনার পথ প্রশস্ত করতে যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব দিয়েছিল। এর জবাবে রবিবার তেহরান তাদের প্রস্তাব দেয়, যেখানে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্রাম্পের এই অনড় অবস্থানের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাফিয়ে বেড়েছে। রবিবার রাতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ২.৬৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪.০১ ডলারে দাঁড়িয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইরানের প্রস্তাবে কী ছিল

তেহরানের প্রস্তাবে নৌ-অবরোধ তুলে নেওয়া এবং ইরানের ওপর থেকে সব ধরনের মার্কিন ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়। তবে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি ও পররাষ্ট্রনীতির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার শর্ত দিয়েছে। মূলত এসব ইস্যুকে কেন্দ্র করেই ওয়াশিংটন এই যুদ্ধ শুরু করেছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি এবং তাদের সামরিক ঘাঁটিগুলোই সহিংসতা ও দাদাগিরির চক্র তৈরির বড় উদাহরণ। সংবাদ সম্মেলনে বাঘাই অভিযোগ করেন, যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র অযৌক্তিক দাবি জানাচ্ছে। বিপরীতে ইরানের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক বলে দাবি করেন তিনি। বাঘাই বলেন, ‘ইরান একটি দায়িত্বশীল আঞ্চলিক শক্তি হিসেবে নিজেকে প্রমাণ করেছে। আমরা কোনও দাদাগিরি করছি না, বরং দাদাগিরির বিরুদ্ধে অবস্থান নিয়েছি।’

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা আসলে ট্রাম্পের লোভের কাছে ইরানের আত্মসমর্পণের নামান্তর।

যা ছিল যুক্তরাষ্ট্রের প্রস্তাবে

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এক পৃষ্ঠার ১৪ দফা সমঝোতা স্মারকে অন্তর্ভুক্ত থাকা শর্তের মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থগিত রাখা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালি দিয়ে অবাধ চলাচল পুনরুদ্ধার। প্রতিবেদনটি দু’জন মার্কিন কর্মকর্তা এবং আরও দু’জন অজ্ঞাত সূত্রের বরাতে বলেছে, স্মারকে উল্লেখ করা অনেক শর্তই চূড়ান্ত কোনও চুক্তি সম্পন্ন হওয়ার ওপর নির্ভরশীল থাকবে।

বিশ্ববাজারে প্রত্যাখ্যানের প্রভাব

সোমবার তেলের দাম ব্যারেল প্রতি ৪ ডলারের বেশি বেড়েছে। হরমুজ প্রণালি বন্ধ থাকায় এই অস্থিরতা চলছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হতো। জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষক সংস্থা কেপলার ও এলএসইজি জানিয়েছে, গত সপ্তাহে অপরিশোধিত তেলবাহী তিনটি ট্যাংকার ইরানি হামলা এড়াতে তাদের ট্র্যাকার বন্ধ করে অত্যন্ত গোপনে হরমুজ প্রণালী পার হয়েছে।

এশিয়ার বাজারে মার্কিন ডলারের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। অন্যদিকে, তেলের দাম বাড়ায় মুদ্রাস্ফীতির আশঙ্কায় সোমবার সোনার দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীরা মনে করছেন, উচ্চ মুদ্রাস্ফীতির কারণে সুদের হার দীর্ঘ সময়ের জন্য চড়া থাকতে পারে।

কোন পথে কূটনীতি

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ইরান যুদ্ধ নিয়ে বৈঠকে বসেছেন। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প আগামী বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছাবেন। সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইরান যুদ্ধ ও অন্যান্য আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করবেন।

আঞ্চলিক উত্তেজনা

রবিবার সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ইরান থেকে আসা দুটি ড্রোন আকাশেই ধ্বংস করেছে। কাতার তাদের জলসীমায় আবু ধাবি থেকে আসা একটি মালবাহী জাহাজে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। কুয়েতও জানিয়েছে, তাদের আকাশসীমায় শত্রুভাবাপন্ন ড্রোনের অনুপ্রবেশ রুখে দিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

যুক্তরাষ্ট্রের ভোটে যুদ্ধের ছায়া

বিভিন্ন জরিপে দেখা গেছে, মার্কিন ভোটারদের কাছে এই যুদ্ধ অত্যন্ত অজনপ্রিয় হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম আকাশচুম্বী হওয়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ। আগামী ছয় মাসেরও কম সময়ের মধ্যে দেশটিতে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে, যা নির্ধারণ করবে ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে কি না।

লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন ও প্রাণহানি

গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি চললেও লেবাননের কাফর তিবনিত ও শুকিন শহরে ইসরায়েল বিমান হামলা চালাচ্ছে বলে আল জাজিরা অ্যারাবিক জানিয়েছে। বিনত জবেইল এলাকায় ইসরায়েলি হামলায় দুজন লেবানিজ চিকিৎসক ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে, লেবানন সীমান্তের কাছে সংঘর্ষে আলেকজান্ডার গ্লোভানিওভ (৪৭) নামে এক ইসরায়েলি সেনাচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেনাবাহিনী।

নেতানিয়াহুর হুঁশিয়ারি

ইরানের সঙ্গে সংঘাত এখনও শেষ হয়ে যায়নি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে দেশটিতে পারমাণবিক সরঞ্জাম উদ্ধারে প্রয়োজনে মার্কিন স্থলসেনা মোতায়েন করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সময় রবিবার সন্ধ্যায় মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-এর ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ইরানের পারমাণবিক সরঞ্জামগুলো জব্দ করার জন্য সেখানে স্থল অভিযান প্রয়োজনীয় হয়ে পড়েছে। তবে এই সেনা মোতায়েন কবে নাগাদ হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনও সময়সীমা জানাতে তিনি অস্বীকৃতি জানান। নেতানিয়াহু বলেন, ‘আমি সামরিক উপায় নিয়ে কথা বলবো না, তবে প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে যা বলেছেন তা হলো, আমি সেখানে (ইরানের ভেতরে) যেতে চাই। আমি মনে করি শারীরিকভাবেই সেখানে প্রবেশ করা সম্ভব।’

সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল, মিডল ইস্ট আই