ফেনীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২, আহত ৮
ফেনীতে ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২, আহত ৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে দাঁড়িয়ে থাকা একটি গ্যাসবোঝাই ট্রাকে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার বিবরণ

বুধবার (১০ জুন) রাত ২টার দিকে ফেনীর খাইয়ারা ভোজনবাড়ি রেস্টুরেন্টের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি গ্যাসবোঝাই ট্রাকের চাকা পাংচার হলে চালক ও হেলপার সেটি মহাসড়কের পাশে থামিয়ে চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন লোক জড়ো হয়ে তাদের সহযোগিতা করছিলেন।

হঠাৎ পেছন থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাসবোঝাই ট্রাক ও সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং নয়জন আহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার ও চিকিৎসা

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। নিহতদের মধ্যে জাহাঙ্গীর (৪০) নামে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোশাররফ হোসেন তালুকদার জানান, হতাহতদের মধ্যে একজন হাসপাতালে আনার পর এবং অন্যজনকে আনার আগেই মৃত্যু হয়। আহতদের অনেকের হাত-পা ও মাথায় গুরুতর আঘাত রয়েছে। জরুরি চিকিৎসা শেষে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আইনি প্রক্রিয়া

ফাজিলপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ