রাশিয়ায় যুদ্ধে বাংলাদেশি যুবক নিহত, গ্রামে শোকের মাতম
রাশিয়ায় যুদ্ধে বাংলাদেশি যুবক নিহত, গ্রামে শোক

রাশিয়ার হয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সুরুজ কাজী নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনা শোনার পর মাদারীপুরে তার গ্রামের বাড়িতে বাবা, মা ও স্বজনদের মাতম চলছে।

নিহতের পরিচয় ও ঘটনার বিবরণ

নিহত সুরুজ কাজী (২৫) মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছাড়া গ্রামের সাহাবুদ্দিন কাজীর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, ৯ মাস আগে প্রতিবেশী এলেন মাতুব্বরের ছেলে দুলু মাতুব্বরের মাধ্যমে ৯ লাখ টাকার বিনিময়ে রাশিয়ায় পৌঁছায় সুরুজ। সেখানে গিয়ে ৮০ হাজার টাকা বেতনে একটি কোম্পানিতে কাজ শুরু করেন তিনি।

পরবর্তীতে চলতি মাসে দালালদের প্রলোভনে পড়ে বেশি বেতনের লোভে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে যোগ দেন। বাবুর্চি হিসেবে সুরুজ যুদ্ধরত একটি ক্যাম্পে রান্নার কাজ করতেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মৃত্যুর কারণ ও তথ্য প্রকাশ

সেই ক্যাম্পে সম্প্রতি ইউক্রেনের নিক্ষেপ করা মাইন বিস্ফোরণে সুরুজ নিহত হন। প্রথমে বিষয়টি গোপন রাখা হলেও রাশিয়ায় অবস্থানরত দুই বাংলাদেশি প্রবাসী যুবক মোবাইল ফোনে সুরুজের পরিবারকে মৃত্যুর খবর জানান। এ ঘটনায় দালালদের কঠোর শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত দালাল দুলু মাতুব্বর ও তার সহযোগীরা।

স্বজনদের বিলাপ ও দাবি

সরেজমিন দেখা গেছে, বৃহস্পতিবার রাতে মৃত্যুর খবর এলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আদরের ভাইকে হারিয়ে বুকফাটা আর্তনাদ করছেন বোন শারমিন। কান্নায় ভেঙে পড়েছেন মা নুরজাহান বেগম, আর বাবা সাহাবুদ্দিন কাজী বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

নিহতের বাবা সাহাবুদ্দিন কাজী বলেন, 'আমার বড় ছেলে এভাবে মারা যাবে এটি কল্পনাও করতে পারিনি। আমি দালালদের বিচার চাই। আর দ্রুত আমার ছেলের লাশ ফেরত চাই।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সুরুজের বড় বোন শারমিন আক্তার বলেন, 'আমাদের ভাই সবাইকে কাঁদিয়ে এভাবে চলে যাবে বুঝতে পারিনি। বিদেশে যেতে নিষেধ করেছিলাম, কিন্তু দালাল চক্রের প্রলোভনে আমার ভাই বিদেশে পাড়ি জমায়। শেষমেশ যুদ্ধে যোগ দিয়ে প্রাণ হারিয়েছে। সরকারের কাছে আকুতি ও মিনতি করছি আমার ভাইয়ের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করুক।'

প্রশাসনের প্রতিক্রিয়া

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান বলেন, 'রাশিয়ায় যুদ্ধে যুবক সুরুজ কাজী নিহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।'