ইতালির রোমে অবস্থিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দফতরের জাদুঘরে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, পাঞ্জাবি ও পাজামা প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার (২৩ মে) রোমের বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের প্রচেষ্টায় ঐতিহ্যবাহী পোশাক স্থান পেল এফএও জাদুঘরে
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোমে বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টা ও উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের এই ঐতিহ্যবাহী পোশাকগুলো এফএও’র জাদুঘরে স্থান পেয়েছে। এই উদ্যোগ বাংলাদেশের বস্ত্র ঐতিহ্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
জামদানি শাড়ি স্থায়ী প্রদর্শনীতে
বাংলাদেশি জামদানি শাড়িটি জাদুঘরের ‘ট্রেডিশন অ্যান্ড ইনোভেশন’ কক্ষে স্থায়ীভাবে প্রদর্শিত হবে। অন্যদিকে পাঞ্জাবি ও পাজামা পর্যায়ক্রমিকভাবে প্রদর্শিত হবে। এই পোশাকগুলো বাংলাদেশের সমৃদ্ধ বস্ত্র ঐতিহ্য, কৃষিনির্ভর জীবনধারা, গ্রামীণ সংস্কৃতি ও কারুশিল্পকে উপস্থাপন করবে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সংস্কৃতি
এফএও’র সদর দফতরে আগত বিভিন্ন দেশের ব্যক্তিরা এই পোশাকগুলো দেখার সুযোগ পাবেন। এর মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প ও সংস্কৃতি আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করবে বলে আশা করা যাচ্ছে।



