ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনার সর্বশেষ প্রবণতায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বাংলাদেশ সময় সোমবার (৪ মে) দুপুর ৩টা পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিজেপি ১৯৩টি আসনে এগিয়ে আছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৪টি আসনে।
তৃণমূলের জন্য বড় ধাক্কা
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে যাচ্ছে। দীর্ঘদিন ধরে রাজ্যের ক্ষমতায় থাকা এই দলটি এবার গুরুত্বপূর্ণ আসনে পিছিয়ে পড়েছে। অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি বিপুল জয়ের পথে এগিয়ে চলেছে।
ইতিহাস গড়তে চলেছে বিজেপি
নির্বাচনী ফলাফলের বর্তমান প্রবণতা যদি শেষ পর্যন্ত বজায় থাকে, তবে পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবারের মতো সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এটি রাজনৈতিক অঙ্গনে এক যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ফলাফল আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলবে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস



