সাম্প্রতিক সংঘাতে ইরান বিজয়ী হয়েছে বলে দাবি করেছেন ইসরাইলের সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান জিওরা আইল্যান্ড। তার মতে, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইসরাইল— উভয়ের জন্যই নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। ইসরাইলের চ্যানেল ১২–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরান এই যুদ্ধে জিতেছে, হয়তো অল্প ব্যবধানে, কিন্তু এটি স্পষ্ট বিজয়।”
ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব অটুট
আইল্যান্ডের দাবি, পুরো সংঘাতকালজুড়ে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব অটুট ছিল এবং তারা নিজেদের সক্ষমতা প্রদর্শনে সফল হয়েছে। এর ফলে আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনায় তেহরানের অবস্থান আরও শক্ত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রের চাপ ও লক্ষ্য
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে স্পষ্ট চাপের মধ্যে রয়েছে এবং ওয়াশিংটনের প্রধান লক্ষ্য এখন সংঘাত প্রশমন করা, ইরানের পারমাণবিক কর্মসূচি নয়। তার ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইসরাইল—উভয়ের জন্যই জটিল কৌশলগত অবস্থার সৃষ্টি করেছে। এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণে এর প্রভাব কী হতে পারে তা নিয়ে।
সূত্র: মিডল ইস্ট আই



