নেত্রকোনায় বজ্রপাতে মাছ ধরতে গিয়ে তিনজনের মৃত্যু
নেত্রকোনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

বজ্রপাতে মাছ ধরতে গিয়ে নেত্রকোনার মদন ও কেন্দুয়া উপজেলায় তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পৃথক তিনটি স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মদনের কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামের রাজীব মিয়া (২৫), কেন্দুয়ার মাসকা ইউনিয়নের দেখলেই পশ্চিম পাড়া গ্রামের শামসুল হুদা (৪৯) ও ডাউকি গ্রামের আশরাফুল ইসলাম (২৫)।

ঘটনার বিবরণ

এলাকার বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে ছয়টার দিকে ইটভাটার শ্রমিক রাজীব মিয়া বাড়ির সামনে গণেশের হাওরে মাছ ধরছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে তাঁর শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মারা যান বলে জানান মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন।

প্রায় একই সময় কেন্দুয়ার কাপড় ব্যবসায়ী শামসুল হুদা বাড়ির পাশে মুরাইল বিলের দেওয়াল খালে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে বাড়ির লোকজনকে খবর দেন। পরে পরিবারের লোকজন এসে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আশরাফুল ইসলামও মাছ ধরতে গিয়ে গ্রামের পার্শ্ববর্তী সান্দিকোনা খালের পাশে বজ্রপাতে মারা যান।

প্রশাসনের সহায়তা

এ ব্যাপারে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ ও কেন্দুয়ার ইউএনও মো. রিফাতুল ইসলাম বলেন, খবর পেয়ে কার্যালয়ের লোকজনকে ঘটনাস্থলে পাঠানো হয়। বিধি অনুযায়ী মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হবে।

চলতি বছরের পরিসংখ্যান

নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ও ত্রাণ শাখা সূত্রে জানা গেছে, চলতি বছর বজ্রপাতে জেলার বিভিন্ন স্থানে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ