কক্সবাজারের পেকুয়ায় গত দুই দিনের টানা বর্ষণে পাহাড় ধসে মো. মিনহাজ উদ্দিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করেছে।
দুর্ঘটনার বিবরণ
সোমবার (৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খলিফা মুরা আলিম্যার ঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মিনহাজ একই এলাকার কলিম উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিনের বৃষ্টিতে পাহাড়ি এলাকায় বসবাস করা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দুপুরে ভারি বর্ষণের ফলে পাহাড়ের মাটি ধসে পড়ে কলিম উল্লাহর বাড়ির ওপর। এ সময় বাড়ির দেওয়াল চাপা পড়ে শিশুটি মারা যায়। পরে স্থানীয়রা মাটির নিচ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
স্থানীয় প্রতিক্রিয়া
পাহাড় ধসে শিশু মিনহাজের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোক নেমে এসেছে। সেই সঙ্গে আশেপাশের পাহাড়ি এলাকায় বসবাস করা মানুষের মাঝে আতঙ্কও বিরাজ করছে।
স্থানীয় ইউপি সদস্য মনজুর আলম পাহাড় ধসে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারি বর্ষণের ফলে বসতভিটার পেছনে পানি জমে যায়। নিহত শিশু ও তার নানী পানি নিষ্কাশনের কাজ করছিল। এ সময় হঠাৎ পাহাড়ের মাটি ধসে বসতঘরের উপরে পড়ে। এতে বাড়ির দেওয়াল চাপা পড়ে শিশুটি মারা যায়। সঙ্গে থাকা নানিও আহত হন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।



