তাপপ্রবাহের পর বৃষ্টিতে স্বস্তি, তারপর জলাবদ্ধতায় ভোগান্তি
তাপপ্রবাহের পর বৃষ্টিতে স্বস্তি, তারপর জলাবদ্ধতা

দীর্ঘ তাপপ্রবাহের পর টানা ভারী বৃষ্টিতে কিছুটা স্বস্তি আসে রাজধানীবাসীর জীবনে। কয়েকদিনের প্রচণ্ড গরমের অতিষ্ঠ নগরবাসী একটু স্বস্তির নিশ্বাস ফেলে। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। বৃষ্টির পরপরই রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা; যা জনজীবনে নতুন করে ভোগান্তি ডেকে এনেছে।

জলাবদ্ধতায় বিপর্যস্ত রাজধানী

রবিবার (২৬ এপ্রিল) বিকালে শুরু হওয়া ভারী বর্ষণে রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত পানি জমে যায়। অনেক এলাকায় ড্রেন উপচে সড়কে পানি উঠে আসে। বিশেষ করে নিচু এলাকা ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে থাকতে দেখা গেছে। এতে করে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। অফিস শেষে বাসায় ফেরা মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থেকেছেন, আবার অনেককে পানির মধ্য দিয়েই হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়েছে।

জলাবদ্ধ এলাকাসমূহ

পুরান ঢাকা, বেইলি রোড, কাঁঠালবাগান-কাঁটাবন এলাকা, তাঁতিবাজার, সূত্রাপুর, পান্থপথ, গ্রিনরোড, মুগদা, বাসাবোসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার চিত্র দেখা গেছে। এসব এলাকায় সড়ক-ড্রেনের পার্থক্য বোঝা দায় হয়ে পড়ে, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভুক্তভোগীদের অভিজ্ঞতা

ভুক্তভোগীরা বলছেন, সামান্য বৃষ্টিতেই এমন জলাবদ্ধতা তৈরি হওয়া রাজধানীর দীর্ঘদিনের চিত্র। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, নিয়মিত পরিষ্কারের অভাব এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে এই সমস্যা প্রতি বছরই দেখা দেয়। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতি বছর একই পরিস্থিতির পুনরাবৃত্তি হলেও কার্যকর কোনও স্থায়ী সমাধান এখনও চোখে পড়ছে না। মতিঝিলের একটি বেসরকারি অফিসে কাজ করেন জাহেদুল হক। তিনি বলেন, প্রতিদিন বনশ্রীর বাসায় ফিরতে ঘণ্টা খানেক সময় লাগে। আজকে প্রায় আড়াই ঘণ্টা লাগলো। এত গরমের পর বৃষ্টি দেখে ভালো লাগলেও পথে নেমে কিছুই পাচ্ছিলাম না। পরে অনেক কষ্টে একটা অটো ঠিক করে অর্ধেক রাস্তা এসেছে। বাকি অধেক হেঁটেই ফিরতে হলো।

একই ধরনের ভোগান্তির কথা জানান পল্টন থেকে মালিবাগের বাসায় ফেরা চাকরিজীবী সামিনা রহমান। তিনি বলেন, ফিরতে ফিরতে ভিজে গেছি। অফিসে বসে বৃষ্টি দেখে খুশিই হয়েছিলাম। কিন্তু রাস্তায় ভোগান্তিতে মনটা খারাপ হয়ে গেছে। রাস্তার ভোগান্তি না থাকলে বৃষ্টিটা অনেক স্বস্তির ছিল।

বিশেষজ্ঞদের মতামত

বিশেষজ্ঞদের মতে, নগর পরিকল্পনার ঘাটতি ও পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় স্বল্প সময়ের ভারী বৃষ্টিতেই রাজধানীতে জলাবদ্ধতা তৈরি হয়। দ্রুত ও টেকসই সমাধান না হলে ভবিষ্যতে এ ধরনের ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া সতর্কবার্তা

এদিকে আজ আবহাওয়া অধিদফতরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার (২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার (২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হওয়ার শঙ্কা রয়েছে।