রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে হাবিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই ভবনের নিরাপত্তাকর্মী বলে জানা গেছে।
ঘটনার বিবরণ
সোমবার (১৮ মে) রাত পৌনে ১১টার দিকে ৬৭১/৬ নম্বর বাসার ছয় তলার ছাদে গিয়ে তিনি নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে যাচাই-বাছাই শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তদন্ত ও সিসিটিভি ফুটেজ
বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার এসআই এরশাদ বলেন, সিসিটিভির ফুটেজে দেখা গেছে, লোকটি মোবাইলে কথা বলতে বলতে রেলিংয়ের ওপরে উঠে নিচে পড়ে যায়। তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
নিহতের পরিচয়
নিহত হাবিবুর রহমান ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার আহম্মদপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।



