দুর্যোগ ব্যবস্থাপনায় তুরস্কের সহযোগিতা কামনা বাংলাদেশের
দুর্যোগ ব্যবস্থাপনায় তুরস্কের সহযোগিতা কামনা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু তুরস্কের সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পাশে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়ানোর জন্য তিনি এই কৃতজ্ঞতা জানান।

সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। তিনি দুর্যোগ ব্যবস্থাপনার আধুনিকায়নে তুরস্কের আরও কার্যকর সহযোগিতা প্রত্যাশা করেন।

প্রযুক্তিগত সহযোগিতার ওপর জোর

আসাদুল হাবিব দুলু বিশেষ করে দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ ও বজ্রপাত সুরক্ষা প্রযুক্তির উদ্ভাবনের মতো প্রযুক্তিগত ক্ষেত্রে তুরস্কের সঙ্গে যৌথ অংশীদারিত্বের ওপর জোর দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি

সাক্ষাৎকালে মন্ত্রী দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং আশা প্রকাশ করেন যে আগামী দিনগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী ও সুসংহত হবে। তুরস্কের রাষ্ট্রদূত নবনির্বাচিত সরকার ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও বিভিন্ন উন্নয়ন খাতে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি দেন।

এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ