ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় কাল বৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত বুধবার বিকেলে আকস্মিক ঝড়ে উপজেলার ১৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হাজীডাঙ্গী গ্রামের পদ্মাপারের বাসিন্দা কামাল খানের পরিবারের। তার স্ত্রী জোসনা আক্তার (৪০) জানান, সন্ধ্যার আগেই আকাশ কালো করে ঝড় আসে। প্রবল বেগে একটি ঘূর্ণিপাক তাদের বসতঘর উড়িয়ে নিয়ে যায়। পরিবারের সবকিছু তছনছ হয়ে যায়। মাছ ধরার নৌকাও ডুবে যায়। পরে শিশুদের নিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন তারা।
ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা
উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পরিদর্শন করেন। তিনি কামাল খানের পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা দেন। এছাড়া বালিয়া ডাঙ্গী গ্রামের জাহাঙ্গীর আলম ও জোসনা মৃধার পরিবারসহ মোট চার বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। তিনি বলেন, বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ টাকা, কম ক্ষতিগ্রস্তদের এক বান্ডিল করে দেওয়া হবে।
ফসল ও গাছপালার ক্ষতি
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝড়ে প্রায় ৫০ একর কলা বাগানের গাছ উপড়ে গেছে এবং ৮০ একর ভুট্টা ফসল নষ্ট হয়েছে। প্রচুর ফলজ ও বনজ গাছ এবং বৈদ্যুতিক লাইনেরও ব্যাপক ক্ষতি হয়েছে।



