চীন ১০ হাজার ৮০০টি গাড়ি বহনে সক্ষম একটি বিশাল জাহাজ তৈরি করেছে, যা বিশ্বের সবচেয়ে বড় গাড়িবাহী জাহাজগুলোর একটি। জাহাজটির ভেতরের অংশ প্রায় ১০টি ফুটবল মাঠের সমান। চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশনের অধিভুক্ত কুয়াংচৌ শিপইয়ার্ড ইন্টারন্যাশনাল এই জাহাজ নির্মাণ করেছে।
জাহাজের আকার ও স্মার্ট প্রযুক্তি
জাহাজটি দৈর্ঘ্যে ২৩০ মিটার এবং প্রস্থে ৪০ মিটার। এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো ‘স্মার্ট কন্ট্রোল সিস্টেম’। প্রকল্প ব্যবস্থাপক লিন চিউয়ে বলেন, ‘আমাদের প্রথম ১০ হাজার গাড়ি ধারণ ক্ষমতার জাহাজের তুলনায় নতুন এই জাহাজটিতে আরও উন্নত স্মার্ট কন্ট্রোল সিস্টেম যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্মার্ট গ্যারেজ ভিজ্যুয়াল সিকিউরিটি এবং ৩৬০-ডিগ্রি প্যানোরামিক মনিটরিং ব্যবস্থা, যা জাহাজটির চলাচলকে আরও নিরাপদ ও বুদ্ধিদীপ্ত করে তুলেছে।’
নির্মাণের চ্যালেঞ্জ ও পরিবেশবান্ধব জ্বালানি
এই ধরনের বিশাল ও জটিল জাহাজ নির্মাণে অনেক চ্যালেঞ্জ রয়েছে বলে জানান সংশ্লিষ্ট প্রকৌশলীরা। বিশেষ করে পাতলা স্টিলের প্লেট ব্যবহারের সময় সেগুলোর আকার বিকৃত হওয়া রোধ করা অত্যন্ত কঠিন একটি কাজ। পরিবেশের সুরক্ষার কথা মাথায় রেখে জাহাজটি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) এবং প্রচলিত জ্বালানি—উভয় পদ্ধতিতেই চলতে সক্ষম, যা আন্তর্জাতিক সর্বশেষ নির্গমন মানদণ্ড পুরোপুরি পূরণ করে।
বহুমুখী পরিবহন সক্ষমতা ও ইজারা
জাহাজটি শুধুমাত্র সাধারণ গাড়িই নয়, বরং বৈদ্যুতিক গাড়ি, হাইড্রোজেনচালিত গাড়ি এবং ভারী ট্রাক পরিবহনেও সক্ষম। এটি দক্ষিণ কোরিয়ার একটি লজিস্টিক কোম্পানির কাছে ইজারা দেওয়া হবে, যারা আন্তর্জাতিক রুটে এর কার্যক্রম পরিচালনা করবে। সূত্র: সিএমজি।



