পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে দুদেশের 'অটুট' বন্ধুত্বের প্রশংসা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাকিস্তানকে 'বিশ্বস্ত বন্ধু' উল্লেখ করে অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান জানিয়েছেন তিনি। শি জিনপিং বলেন, পাকিস্তান সেই অল্প কয়েকটি দেশের একটি, যাদের চীন 'সব পরিস্থিতিতেই কৌশলগত অংশীদার' হিসেবে বিবেচনা করে। এর মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক, বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগিতা অন্তর্ভুক্ত।
চীনের কাছে পাকিস্তানের গুরুত্ব
শি জিনপিং বলেন, 'আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই বদলাক না কেন, প্রতিবেশী কূটনীতিতে সবসময় চীন-পাকিস্তান সম্পর্কের উন্নয়নকে অগ্রাধিকার দেয় চীন।' তবে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চীনা নাগরিক ও চীনের বড় অবকাঠামো প্রকল্পগুলোর ওপর ইসলামপন্থী জঙ্গি হামলা অস্বস্তিতে ফেলেছে বেইজিংকে। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠ সম্পর্কও দুদেশের সম্পর্কে তৈরি করেছে জটিলতা।
সহযোগিতার নতুন ক্ষেত্র
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে কৃষি, শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং দক্ষ মানবসম্পদ গঠনে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে চীন। সিসিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, ইসলামাবাদের সঙ্গে 'অভিন্ন ভবিষ্যৎসম্পন্ন আরও ঘনিষ্ঠ সম্পর্ক' গড়ে তুলতে কাজ করতে প্রস্তুত বেইজিং। একই সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখা এবং কৌশলগত সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন শি।
পাকিস্তানের প্রতিক্রিয়া
অন্যদিকে শাহবাজ শরিফ চীন ও পাকিস্তানকে 'লোহার মতো দৃঢ় দুই ভাইয়ের দেশ' বলে উল্লেখ করে বলেছেন, তাদের সম্পর্কের 'কোনো তুলনা নেই'। তিনি চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন এবং দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দেন।



