যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা স্মারক ‘শেষ হয়ে গেছে’ বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তার এই মন্তব্যের পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে অনেকটা বেড়ে গেছে এবং শেয়ারবাজারে বড় পতন দেখা দিয়েছে। তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই মন্তব্য করেন।
তেলের দামে বড় উত্থান
প্রেসিডেন্ট ট্রাম্পের এমন কঠোর অবস্থানের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, একই দিনে ইউরোপের শেয়ারবাজারে ১ দশমিক ৬ শতাংশ পতন রেকর্ড করা হয়েছে।
বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব
এর পাশাপাশি বিশ্ববাজারে মার্কিন ডলারের মান আরও শক্তিশালী হয়েছে এবং সরকারি বন্ডের মুনাফা বৃদ্ধি পেয়েছে। দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার এই ঘটনায় বিশ্বজুড়ে আবারও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। সূত্র: আল জাজিরা



