বিদেশি পর্যটক ও বিনিয়োগকারীদের জন্য ভিসা নীতি শিথিল করল সংযুক্ত আরব আমিরাত
ভিসা নীতি শিথিল করল সংযুক্ত আরব আমিরাত

বিদেশি পর্যটক, দক্ষ পেশাজীবী ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং অভিবাসন প্রক্রিয়া সহজ করতে ভিসা নীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৪ জুলাই) নতুন এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

অন-অ্যারাইভাল ভিসা সম্প্রসারণ

ফেডারেল অথরিটি অন-অ্যারাইভাল ভিসা সুবিধা আরও ছয় দেশের নাগরিকদের জন্য সম্প্রসারণ করেছে। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরা এখন ১৪ ও ৬০ দিনের ভিসা ক্যাটাগরিতে সহজেই আমিরাতে প্রবেশ করতে পারবেন। এর আগে শুধু নির্দিষ্ট শর্ত পূরণকারী ভারতীয় নাগরিকরা এই সুবিধা পেতেন।

পর্যটক ভিসা ৪৮ ঘণ্টায়

দুবাই ভ্রমণে আগ্রহীদের জন্য পর্যটক ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। অনুমোদিত ট্রাভেল বা পর্যটন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করলে ৩০ থেকে ৬০ দিনের একবার প্রবেশযোগ্য পর্যটক ভিসা ৪৮ ঘণ্টার মধ্যেই অনুমোদন দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিনিয়োগকারী ভিসার শর্ত শিথিল

বিনিয়োগকারীদের জন্য দুই বছরের আবাসিক ভিসার ক্ষেত্রে নতুন নিয়ম চালু হয়েছে। আগে একক মালিকানার সম্পত্তির ক্ষেত্রে ন্যূনতম সাত লাখ ৫০ হাজার দিরহাম মূল্যের সম্পত্তি থাকার শর্ত ছিল, যা বাতিল করা হয়েছে। তবে আবেদনকারীকে সম্পত্তির একক মালিক হতে হবে। যৌথ মালিকানার ক্ষেত্রে প্রত্যেক বিনিয়োগকারীর অংশের মূল্য কমপক্ষে চার লাখ দিরহাম হতে হবে।

অতিরিক্ত অবস্থানের সুযোগ

সম্প্রতি মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধ ও বিমান চলাচলে বিঘ্নের কারণে নির্ধারিত সময়ের বেশি অবস্থানকারী দর্শনার্থীদের জন্য জরিমানা ছাড়াই অতিরিক্ত ৩০ দিন সময় দিয়েছে আমিরাত। তবে আগামী ৯ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসার অবস্থা নিয়মিত করতে হবে অথবা দেশ ত্যাগ করতে হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্মার্ট মেডিকেল ভিসা

চিকিৎসা পর্যটন খাতকে গতিশীল করতে ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর উদ্যোগ নিয়েছে দেশটি। জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স-দুবাই এবং দুবাই হেলথ অথরিটির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। নতুন ব্যবস্থায় ভিসা, আবাসন ও চিকিৎসাসেবাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে বিদেশি রোগীদের পুরো প্রক্রিয়া সহজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইবোলা ভাইরাসের কারণে ভিসা স্থগিত

ইবোলা ভাইরাসের বিস্তার রোধে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে আমিরাত। ন্যাশনাল ইমার্জেন্সি, ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার্স ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ) এবং আইসিপি যৌথভাবে এ সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে।