হজযাত্রীদের সাবলীল সেবা দিতে সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজের অনুমতি গ্রহণ এবং সব বিধিবিধান প্রতিপালনের আহ্বান জানিয়েছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। এ প্রেক্ষাপটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশি হজযাত্রীদেরও দাফতরিক প্রক্রিয়ায় হজ পারমিট গ্রহণের অনুরোধ জানিয়েছে।
সৌদি মন্ত্রণালয়ের নির্দেশনা
শুক্রবার (৮ মে) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, কেবল হজ ভিসার মাধ্যমে হজ পালন করা যাবে। এছাড়া, সৌদিতে অবতরণের পর থেকে হজের আনুষ্ঠানিকতা সম্পাদনের শৃঙ্খলা নিশ্চিত করার জন্য অনুমোদিত পদ্ধতিতে দাফতরিক মাধ্যমে অনুমতিপত্র গ্রহণ করার কথা বলেছে সৌদি মন্ত্রণালয়।
অনুমতির শর্ত ও সুবিধা
অনুমতির শর্ত পালনের মাধ্যমে পবিত্র স্থানগুলোর সব ধরনের সেবা পাওয়া এবং সমন্বিত ইকোসিস্টেমের মাধ্যমে ভীড় নিয়ন্ত্রণ ও চলাচলের শৃঙ্খলা রক্ষা করে নিরাপত্তা বাড়ানোর বিষয়টি ব্যাখ্যা দেওয়া হয়েছে। অননুমোদিত মাধ্যমে বা মিথ্যা প্রলোভনে হজের অনুমতিপত্র বা ভিসা প্রক্রিয়াকরণের বিষয়েও সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ।
আইনি শাস্তির সতর্কতা
সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের কার্যক্রম হজযাত্রীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বাধা সৃষ্টি করতে পারে অথবা তাদের আইনি শাস্তির সম্মুখীন করতে পারে। প্রাতিষ্ঠানিক চ্যানেলে হজের অনুমতিপত্র সংগ্রহের ওপর গুরুত্ব আরোপ করে সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, এই অনুমতিপত্র একটি মসৃণ হজের অভিজ্ঞতা এবং নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে সেবা পাওয়ার নিশ্চয়তা দিতে সাহায্য করবে।



