পশ্চিম তীরে ফিলিস্তিনিদের খামার থেকে রাতের আঁধারে ভেড়ার পাল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। সিসি ক্যামেরায় ধারণ হওয়া এক ভিডিওতে দেখা গেছে, খামার থেকে ভেড়া নিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলিরা। অসহায় ফিলিস্তিনিদের লক্ষ্য করেই এ ধরনের ঘটনা ঘটছে।
ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের বক্তব্য
সকালে শুন্য খোঁয়াড় দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি ফিলিস্তিনি বাসিন্দা সামিহা রাশিদ। তিনি বলেন, ‘কোরবানির এই মৌসুমে ভেড়া বিক্রি করে আমাদের সারা বছরের রুজি হতো। এখন আমাদের নিজেদের কোরবানি দেওয়ার মতোও কিছু নেই, বাজারে বেঁচে দুটো পয়সা আয় করার মতোও একটা ছাগল-ভেড়াও অবশিষ্ট নেই।’
পরিকল্পিত চুরি ও আর্থিক ক্ষতি
পরিকল্পিতভাবেই চলছে ফিলিস্তিনিদের গবাদি পশু চুরি। চলতি বছরেই ফিলিস্তিনিদের প্রায় চার হাজারেরও বেশি গবাদি পশু চুরি করেছে এই ইসরায়েলি দখলদারেরা। যার ফলে খামারিদের আর্থিক ক্ষতি ছাড়িয়েছে ৫০ লাখ ডলারেরও বেশি।
সহিংসতা ও সন্ত্রাসের মাত্রা
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ ক্রমেই বাড়ছে। সেখানে শুধু গবাদি পশু চুরির ঘটনাই নয়, ফিলিস্তিনি শিশুদের ওপর পিপার স্প্রে ব্যবহার এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। এর ফলে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা প্রকাশ্য সন্ত্রাসের রূপ নিয়েছে।



