গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১৩৯ জনের মৃত্যু হয়েছে এবং সন্দেহভাজন রোগীর সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ইতুরি প্রদেশ থেকে শুরু করে প্রাদুর্ভাব এখন দেশটির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
বুন্ডিবুগইও ধরনের টিকা নেই
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এবারের প্রাদুর্ভাব বিশেষভাবে উদ্বেগজনক কারণ এতে ইবোলার বিরল বুন্ডিবুগইও ধরন ছড়িয়েছে, যার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অনুমোদিত টিকা নেই। সংস্থাটির তথ্য অনুযায়ী, এতে মৃত্যুহার গড়ে ৪০ শতাংশ। কার্যকর টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস।
প্রাদুর্ভাবের বিস্তার
প্রাদুর্ভাবের কেন্দ্র ইতুরি প্রদেশ থেকে এখন তা ছড়িয়েছে গোমা শহর এবং সাউথ কিভু প্রদেশেও, যা আরও সংক্রমণের ঝুঁকি তৈরি করছে।
রোগীর দাফন নিয়ে সংঘর্ষ
স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ মে) রওয়াম্পারা শহরে এক ইবোলা রোগীর দাফন নিয়ে তর্ক-বিতর্কের জেরে পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে হাসপাতালে ঢুকে চিকিৎসা সংস্থার তাঁবুতে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
ইবোলা ঠেকাতে যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি ও নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইবোলা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাশিয়া চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সহায়তার আশ্বাস দিয়েছে।
ভারত-আফ্রিকা ফোরাম সামিট স্থগিত
চলমান পরিস্থিতিতে ভারত-আফ্রিকা ফোরাম সামিট স্থগিত করা হয়েছে। আগামী সপ্তাহে নয়াদিল্লিতে আয়োজন হওয়ার কথা থাকলেও, রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।



