সিলেটে মাত্র ১ হাজার টাকায় ‘কানাডার ভিসা’ দেওয়ার প্রলোভন ছড়িয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এই জালিয়াতির হোতা ইমন উদ্দিনসহ তার সহযোগীরা এখন পলাতক। মঙ্গলবার থেকে নগরীর উপশহর এলাকার ‘এমেক্স এসোসিয়েটস’ নামের ওই প্রতিষ্ঠানটি তালাবদ্ধ রয়েছে।
ভুক্তভোগীদের বিক্ষোভ
সকাল থেকেই ভুক্তভোগীরা নিজেদের টাকা ফেরতের দাবিতে ওই কার্যালয়ের সামনে ভিড় করতে থাকেন। তারা টাকার দাবিতে বিক্ষোভ করেন। সেখানে গেলে প্রধান ফটকে তালা ঝুলতে দেখা যায়। স্থানীয়রা জানান, প্রধান অভিযুক্ত ইমন উদ্দিন গত রাত থেকেই আত্মগোপনে রয়েছেন। ভুক্তভোগীরা বলেন, দ্রুত ও নিশ্চিত ভিসার বিজ্ঞাপন দিয়ে মাসের পর মাস তাদের কাছ থেকে মোটা অঙ্কের অগ্রিম টাকা নেওয়া হয়েছে। এখন অফিস বন্ধ করে মোবাইল ফোনও বন্ধ করে দেওয়া হয়েছে।
সামাজিক মাধ্যমে ফাঁদ
সামাজিক যোগাযোগমাধ্যমে চটকদার ও আকর্ষণীয় অনলাইন প্রচারণার মাধ্যমে এই চক্রটি গ্রাহকদের ফাঁদে ফেলত। দুপুর আড়াইটার দিকে ক্ষুব্ধ ভুক্তভোগীরা বিক্ষোভ মিছিল করেন। তারা মিছিল নিয়ে নগরীর কুমারপাড়ায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন। তবে মন্ত্রীর পারিবারিক সূত্র জানায়, মন্ত্রী সিলেটে অবস্থান করলেও সেই মুহূর্তে তিনি বাসায় ছিলেন না।
প্রশাসনের চোখ ফাঁকি
ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এই প্রকাশ্য প্রতারণা চলছিল। অনুসন্ধানে জানা গেছে, ভার্চুয়াল প্রচারণায় যাদের ‘কানাডার ভিসা’ প্রাপ্তির ছবি ও ভিডিও দেখানো হতো তারা সবাই অতি সাধারণ মানুষ। কানাডার ভিসা তো দূরের কথা তাদের অনেকের নামে কোনো পাসপোর্টই নেই। মাত্র ১ হাজার টাকা করে দিয়ে সাজানো ওইসব ছবি ও ভিডিওর মাধ্যমেই মূলত এই বিশাল প্রতারণার জাল বিছানো হয়েছিল।



