ভারতের উত্তর প্রদেশে শিলাবৃষ্টি ও বজ্রপাতে ১১১ জনের মৃত্যু
উত্তর প্রদেশে শিলাবৃষ্টি-বজ্রপাতে নিহত ১১১

ভারতের উত্তর প্রদেশে প্রবল শিলাবৃষ্টি, ভারী বর্ষণ ও বজ্রপাতে বিপুল প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকালের মধ্যে রাজ্যের ২৫টি জেলায় এ দুর্যোগে অন্তত ১১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৭২ জন।

প্রাণহানির বিস্তারিত তথ্য

উত্তর প্রদেশের ত্রাণ কমিশনার ঋষিকেশ ভাস্কর যশোদের কার্যালয় জানিয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে প্রয়াগরাজে, যেখানে মারা গেছেন ২১ জন। এ ছাড়া মির্জাপুরে ১৯ জন, সন্ত রবিদাসনগরে ১৬ জন এবং ফতেহপুরে ১১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় ১৭০টি গবাদিপশুর মৃত্যু এবং ২২৭টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ত্রাণ কার্যক্রম

ত্রাণ কমিশনার জানান, ইন্টিগ্রেটেড কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারের মাধ্যমে বিভিন্ন জেলার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। জেলা প্রশাসকদের নিজ নিজ জেলায় উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বেরেলিতে চাঞ্চল্যকর ঘটনা

উত্তর প্রদেশের বেরেলি জেলার ভামোরা এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জেলার বাবিয়ানা গ্রামের নানহে আনসারি নামের এক বাসিন্দা বাতাসের তোড়ে একটি টিনের চালের সঙ্গে প্রায় ৫০ ফুট ওপরে উঠে যান। পরে তিনি একটি ভুট্টাখেতে আছড়ে পড়ে গুরুতর আহত হন। আনসারির শূন্যে উড়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশ

ঝড়, বৃষ্টি ও বজ্রপাতে ক্ষয়ক্ষতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কর্মকর্তাদের দ্রুত ত্রাণতৎপরতা শুরুর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টিতে হতাহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্য সরকারের একজন মুখপাত্র জানান, কর্মকর্তাদের দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, দুর্গত ব্যক্তিদের সহায়তা এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ