টাঙ্গাইলের ভূঞাপুরে ৩৪ দিনের এক শিশুকে হামের টিকার পরিবর্তে জলাতঙ্কের টিকা দেওয়ার ঘটনায় তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই শিশুর উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের নির্দেশনা
আদালত কমিটিকে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, ভুক্তভোগী পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
ঘটনার বিবরণ
গতকাল বুধবার (১৩ মে) বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম ওই শিশুকে দুই ডোজ জলাতঙ্কের র্যাবিক্স ভ্যাকসিন প্রয়োগ করেন। অথচ ভ্যাকসিনটি দেওয়ার কথা ছিলেন স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু। তিনি না দিয়ে পিআরএলে থাকা কাইয়ুমকে ডেকে এনে ভ্যাকসিন প্রয়োগ করান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ।
পরিবারের অভিযোগ, ভুল টিকা দেওয়ার প্রতিবাদ করলে স্বাস্থ্যকর্মীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।



