সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, সব মন্ত্রণালয় ও সরকারি কর্মসূচিকে 'ডিসেবিলিটি ইনক্লুসিভ' বা প্রতিবন্ধীবান্ধব হিসেবে গড়ে তোলা হবে। শনিবার (২৭ জুন) রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে 'অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পথে: প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও করণীয়' শীর্ষক এক অংশীজন সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সরকার বদ্ধপরিকর
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার একটি সত্যিকারের 'ইনক্লুসিভ বাংলাদেশ' বা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর। এটি আমাদের নির্বাচনি ইশতেহার এবং রাজনৈতিক এজেন্ডার একটি অন্যতম প্রধান অংশ। সংলাপটির আয়োজন করে ব্র্যাক এবং বি-স্ক্যান।
চার মাসে গৃহীত পদক্ষেপ
সরকার গঠনের পর গত চার মাসে গৃহীত পদক্ষেপের বিবরণ দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য চিকিৎসা ও অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে ইতোমধ্যেই দুটি উচ্চপর্যায়ের শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, 'এই ৪ মাসের মধ্যে সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর কাছে নিজে থেকে এগিয়ে এসেছে এবং তাদের অধিকার রক্ষায় কাজ শুরু করেছে।'
একক ফোরাম গঠনের আহ্বান
প্রতিবন্ধী অধিকার নিয়ে কর্মরত সব ব্যক্তি ও সংস্থাকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকারের সঙ্গে কার্যকর যোগাযোগের জন্য একটি ফ্রি এবং উন্মুক্ত একক ফোরাম বা প্ল্যাটফর্ম থাকা অত্যন্ত জরুরি, যেখানে সব অংশীদার সমান সুযোগ পাবেন। তিনি বলেন, 'আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করুন, যাতে সরকার সরাসরি আপনাদের সঙ্গে বসে কৌশলগত সিদ্ধান্ত নিতে পারে।'
ভবিষ্যৎ পরিকল্পনা
প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের সংগঠনগুলোর দেওয়া সুনির্দিষ্ট প্রস্তাব ও দাবিগুলো পর্যালোচনা করে এবং তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামী দিনে নীতি পর্যায়ে একসঙ্গে কাজ করার আশ্বাস দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।



