ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, হাম সারা দেশে মহামারির আকার ধারণ করেছে। হাম ও হামের উপসর্গ নিয়ে চার শতাধিক শিশুর মৃত্যুকে খাটো করে দেখার সুযোগ নেই। যাদের অবহেলার কারণে এতগুলো নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।
মুগদা থানা সভায় প্রধান অতিথির বক্তব্য
শনিবার (১৬ মে) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা শাখার তৃণমূল দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, হামে আক্রান্ত হয়ে শত শত মায়ের কোল খালি হচ্ছে। এর দায় রাষ্ট্রকে নিতে হবে। স্বাস্থ্যখাতের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে।
টিকার অপ্রতুলতা ও বৈষম্য
তিনি বলেন, শিশুদের টিকার আওতায় আনতে ব্যর্থ হওয়ার কারণেই এই হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে। এখনও দেশের বিভিন্ন এলাকায় শিশুরা প্রয়োজনীয় টিকা পাচ্ছে না। গ্রাম ও শহরের মধ্যে টিকা কার্যক্রমেও বৈষম্য রয়েছে। এছাড়া হাম নিয়ে সরকারিভাবে প্রয়োজনীয় প্রচার-প্রচারণা এবং আইসিইউ সেবাসহ বিভিন্ন কার্যক্রমে ঘাটতি রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সরকারের ব্যর্থতা প্রসঙ্গে
বর্তমান সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন ইসলামী আন্দোলনের এই নেতা। তিনি বলেন, একদিকে স্বাস্থ্যসেবা হামে আক্রান্তদের যথাযথ চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছে, অন্যদিকে সরকার নিত্যপণ্যের বাজারও নিয়ন্ত্রণ করতে পারছে না। জনদুর্ভোগ কমাতে কার্যকর উদ্যোগ না নিলে সরকারের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে।
সভার অন্যান্য বক্তা ও মোনাজাত
মুগদা থানা সংলগ্ন একটি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মুগদা থানা সভাপতি হাজী মোহাম্মদ হানিফ শিকদার। সঞ্চালনা করেন থানা সেক্রেটারি ডা. মো. সাইফুর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন মুগদা থানা সহসভাপতি মাওলানা মোস্তফা কামাল, মো. ওমর ফারুক, মোহাম্মদ জানে আলম সোহেল, জয়েন্ট সেক্রেটারি আবুল কাশেমসহ অন্যান্য নেতারা।
পরে ভয়াবহ হাম পরিস্থিতি থেকে দেশবাসীর সুরক্ষা এবং আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



