সাভারের আশুলিয়ায় ছয়টি পোশাক কারখানায় অজানা রোগের আতঙ্কে কয়েক শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার সকালে লুসাকা গার্মেন্টস, অরুনিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড, অ্যালায়েন্স নিট লিমিটেড, মিলেনিয়াম টেক্সটাইল লিমিটেড, ম্যাগপাই কম্পোজিট লিমিটেড ও চায়না মালিকানাধীন জিনতাই টু অ্যাপারেল গার্মেন্টসে একযোগভাবে শ্রমিকরা অসুস্থ হতে থাকেন।
অসুস্থ শ্রমিকদের হাসপাতালে ভর্তি
অসুস্থ হওয়ার পর তাদের আশুলিয়ার কাঠগড়ার ইলিয়াস জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। কারখানা কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
কারণ কী?
শ্রমিকরা অতিরিক্ত কাজের চাপকে দায়ী করলেও হাসপাতালের চিকিৎসকেরা বলছেন, এটি কোনো নির্দিষ্ট রোগ নয়। বরং অতিরিক্ত গরম ও আতঙ্কের কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ছেন। আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম বলেন, "প্রায় সময় কোনো এক শ্রমিক আতঙ্কগ্রস্ত হলে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এতে আতঙ্ক আরও বেড়ে যায়।"
এক কারখানায় ছুটি ঘোষণা
এ ঘটনায় লুসাকা গার্মেন্টস একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে। পুলিশ সুপার মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত কয়েকদিন ধরে আশুলিয়ার বিভিন্ন কারখানায় এমন ঘটনা ঘটছে এবং এর ধারাবাহিকতা বেড়েই চলছে।



