চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, চালক গ্রেপ্তার
সীতাকুণ্ডে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, গ্রেপ্তার ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও গ্রেপ্তারের বিবরণ

নিহত চালকের নাম ইয়াসিন আরাফাত (১৯)। তিনি উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের কালা মিয়া বাড়ির বাসিন্দা। এ ঘটনায় বাসটির চালককে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। গ্রেপ্তার চালকের নাম আমির হোসেন (৩২)। তিনি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বাসিন্দা।

দুর্ঘটনার কারণ

পুলিশ জানায়, অটোরিকশাটি মহাসড়কের ওই লেন দিয়ে ইউ টার্ন নেওয়ার চেষ্টা করছিল। ইউ টার্নের পাশেই উপজেলার বাইপাস সড়ক। তবে ইউ টার্ন নিতে এটি মহাসড়কের উল্টো পথে চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। মুহূর্তেই অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার ও মৃত্যু

পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় অটোরিকশার চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশি ব্যবস্থা

জানতে চাইলে কুমিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক নুরুল আবছার প্রথম আলোকে বলেন, 'দুর্ঘটনার পর বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা করার প্রস্তুতি চলছে। গ্রেপ্তার চালককে আগামীকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ