বগুড়ায় হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত
বগুড়ায় হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত

বগুড়ায় ডিউটি শেষে কাঁচা বাজার নিয়ে মহাসড়ক পারাপারের সময় যানবাহনের ধাক্কায় মেহেরুন নেছা তুসি (২৪) নামে এক নার্স মারা গেছেন। শনিবার (১৩ জুন) রাতে সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের ভগ্নিপতি ওই হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতের স্বজন ও সহকর্মীরা জানান, মেহেরুন নেছা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাকড়া বিনধারা গ্রামের আলী আজগরের মেয়ে। তিনি প্রায় তিন মাস আগে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সিসিইউ বিভাগে স্টাফ নার্স হিসেবে যোগদান করেন। মেহেরুন ঠেঙ্গামারা এলাকার একটি মেসে থেকে চাকরি করতেন বলে জানান তারা।

মেহেরুন ডিউটি শেষে শনিবার রাত সাড়ে ৮টার দিকে কাঁচা বাজার নিয়ে মহাসড়ক পেরিয়ে মেসে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় অজ্ঞাত একটি যানবাহন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই সহকর্মীরা তার লাশ নিয়ে যান। রোববার গ্রামের বাড়িতে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শোকের ছায়া ও দাবি

মেহেরুন নেছা তুসির মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা জানান, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে মহাসড়কটি খুবই ঝুঁকিপূর্ণ। কোনো স্পিডব্রেকার নেই। চিকিৎসক, নার্স, রোগী ও স্বজনরা জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হয়ে হাসপাতালে যাতায়াত করেন।

তারা অবিলম্বে ঘাতক যানবাহনটি শনাক্ত করে চালককে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এছাড়া হাসপাতালের সামনে ওভারব্রিজ নির্মাণের দাবি করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ